পর্যটকে মুখর পাহাড়ি জনপদ

জাফর আলম, কক্সবাজার Date: 22 March, 2026
পর্যটকে মুখর পাহাড়ি জনপদ

বান্দরবান : ঈদের টানা ছুটিতে পর্যটকের ভিড়ে উৎসবের শহরে রূপ নিয়েছে পার্বত্য জেলা বান্দরবান। পাহাড়, মেঘ আর সবুজের অপার সৌন্দর্যঘেরা এ জনপদে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসছে ভ্রমণপিপাসুরা। 

জেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো নীলাচল, মেঘলা পর্যটনকেন্দ্র, নীলগিরি, প্রান্তিক লেক, শৈলপ্রপাত, বগালেক, দেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডং, নাফাকুম জলপ্রপাত এবং অমিয়াখুম জলপ্রপাতে উপচে পড়া ভিড় এখন। ।

প্রত্যেক কেন্দ্রে জমেছে পর্যটকদের মিলনমেলা, উৎসবের আমেজ-উচ্ছ্বাস আর প্রাণের স্রোত। বিশেষ করে নীলাচলের চূড়া থেকে ভেসে আসা মেঘের খেলা আর দিগন্তজোড়া নীলগিরির পাহাড়ী দৃশ্য পর্যটকদের মুগ্ধ করছে।

অন্যদিকে দেবতাকুম, নাফাকুম ও অমিয়াখুম জলপ্রপাতের গর্জনধ্বনি আর শীতল জলধারায় প্রকৃতিপ্রেমীরা গ্রহণ করছে রোমাঞ্চকর অভিজ্ঞতা। 

এদিকে, যেসব পর্যটক রোমান্সকর অনুভূতি চান তাদের জন্য বগালেক, কেওক্রাডং, নাফাকুম ও অমিয়াখুম হয়ে উঠেছে সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য। দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে ট্রেকিংয়ের মাধ্যমে এসব স্থানে পৌঁছাতে হলেও তরুণদের আগ্রহে কোনো ঘাটতি নেই। বরং দলবেঁধে ট্রেকিংয়ে অংশ নেওয়া তরুণদের উপস্থিতি এবার চোখে পড়ার মতো। পাহাড়ি পথের কষ্টই তাদের কাছে নতুন অভিজ্ঞতার আনন্দ।

অন্যদিকে, পর্যটকদের এই অতিরিক্ত চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে স্থানীয় আবাসন খাত। শহরের হোটেল-মোটেল থেকে শুরু করে পাহাড়ি রিসোর্ট- কোনো কেন্দ্রেই ‘তিল ধারণের ঠাঁই নেই’। 

গত কয়েক বছরে পাহাড়ে চরম অস্থিরতার কারণে পর্যটন খাতে কিছুটা স্থবিরতা দেখা গেলেও এবারের ঈদ নতুন করে আশার আলো জাগিয়েছে।

বান্দরবান হোটেল-রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন বলেন, জেলার শতাধিক আবাসন প্রতিষ্ঠানে ৮৫ থেকে ৯০ শতাংশ বুকিং সম্পন্ন হয়েছে। দীর্ঘ ছুটির কারণে প্রতিদিনই নতুন করে পর্যটক আসছেন।

 পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় ভূমিকা পালন করছে। গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্রে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের টহল জোরদার করা হয়েছে। বিশেষ করে দুর্গম এলাকায় ভ্রমণের ক্ষেত্রে পর্যটকদের জন্য দেওয়া হচ্ছে প্রয়োজনীয় দিকনির্দেশনা।

ট্যুরিস্ট পুলিশ বান্দরবান রিজিয়নের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. ফরিদ উদ্দিন খাঁন বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও তথ্য সহায়তা দেওয়া হচ্ছে। দুর্ঘটনা এড়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানানো হয়েছে।

বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন, ঈদের দীর্ঘ ছুটির কারণে ইতোমধ্যে জেলায় বিপুল সংখ্যক পর্যটকের সমাগম ঘটেছে। পর্যটকদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সব পক্ষ সম্মিলিতভাবে কাজ করছে।
-B

Share this post



Also on Bangladesh Monitor