পর্যটকদের জন্য ক্যাম্পিং ট্রেইলার নিয়ে কাজ করছে হোন্ডা

-মনিটর অনলাইন Date: 17 January, 2026
পর্যটকদের জন্য ক্যাম্পিং ট্রেইলার নিয়ে কাজ করছে হোন্ডা

ঢাকাঃ যুক্তরাষ্ট্রের বাজারে পর্যটক ও তরুণ প্রজন্মের ভ্রমণ অভিজ্ঞতা আরো সহজ ও আনন্দদায়ক করতে নতুন এক উদ্যোগ নিয়েছে জাপানি অটোমোবাইল জায়ান্ট হোন্ডা মোটর করপোরেশন।

সম্প্রতি কোম্পানিটির মার্কিন গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি) শাখা আধুনিক এক ক্যাম্পিং ট্রেলারের প্রটোটাইপ বা প্রাথমিক সংস্করণ উন্মোচন করেছে। বেস স্টেশন নামের ছোট আকৃতির ট্রেইলারটি সাধারণ স্পোর্ট ইউটিলিটি ভেহিকল (এসইউভি) দিয়েই টেনে নেয়া সম্ভব।

সাধারণত যুক্তরাষ্ট্রে দীর্ঘ সড়ক ভ্রমণের জন্য ব্যবহৃত রিক্রিয়েশনাল ভেহিকল (আরভি) অত্যন্ত ব্যয়বহুল হয়ে থাকে। অনেক ক্ষেত্রে সাধারণ পরিবারের পক্ষে এ ধরনের বড় গাড়ি কেনা বা ভাড়া করা কঠিন হয়ে যায়। হোন্ডার লক্ষ্য, এসব ব্যয়বহুল আরভির কার্যকর ও সাশ্রয়ী বিকল্প তৈরি করা, যা সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবে।

হোন্ডার তথ্য অনুযায়ী, বেস স্টেশন একটি কমপ্যাক্ট বা ছোট আকৃতির বক্স-টাইপ ট্রেইলার। এর প্রধান বৈশিষ্ট্য হলো ওজন। প্রায় ৬৩০ কেজি ওজনের ট্রেইলারটি বাজারে থাকা অন্যান্য একই ধরনের ট্রেলারের তুলনায় ১০-২০ শতাংশ হালকা। ওজনে কম ও টেকসই হওয়ায় এটি হোন্ডা সিআর-ভি বা টয়োটা আরএভিফোরের মতো জনপ্রিয় এসইউভিগুলোর মাধ্যমে অনায়াসেই টেনে নেয়া যাবে।

আমেরিকান হোন্ডা আরঅ্যান্ডডি বিজনেস ইউনিটের ভাইস প্রেসিডেন্ট জেন নাকাগাওয়া বলেন, ‘আমরা পুরো যুক্তরাষ্ট্রের সাধারণ পরিবারগুলোর কাছে ক্যাম্পিংকে আরো সহজলভ্য ও উপভোগ্য করে তোলার লক্ষ্য নিয়ে এটি ডিজাইন করেছি।’

দুই মিটার দৈর্ঘ্যের ট্রেইলারটির অভ্যন্তরভাগ বেশ প্রশস্ত। এতে প্রাকৃতিক আলো প্রবেশের জন্য বড় জানালা রাখা হয়েছে। চারজন মানুষের থাকার উপযোগী এ ট্রেলারে রয়েছে বহুমুখী ব্যবহারের সুবিধা। এর সোফাকে প্রয়োজন অনুযায়ী বিছানায় রূপান্তর করা যাবে। 

এছাড়া আরামদায়ক ভ্রমণের জন্য এতে এয়ার কন্ডিশনিং ও রান্নাঘরের প্রয়োজনীয় সরঞ্জাম যুক্ত করা হয়েছে। এটি মূলত লিথিয়াম-আয়ন ব্যাটারিতে চলবে। তবে প্রয়োজনে বাইরে থেকে বিদ্যুৎ সংযোগ দেয়ার সুবিধাও রাখা হয়েছে।

হোন্ডার মার্কিন শাখার ডিজাইনার ও প্রকৌশলীদের একটি দল ট্রেইলারটির নকশা তৈরি করেছেন। তবে বেস স্টেশনের বাণিজ্যিক উৎপাদন কবে নাগাদ শুরু হবে বা এর বাজারমূল্য কত হতে পারে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি হোন্ডা। সংশ্লিষ্টরা মনে করছেন, হালকা গঠন ও আধুনিক সুযোগ-সুবিধার কারণে বাজারে আসার পর এটি তরুণ পর্যটকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলবে।

-B

Share this post



Also on Bangladesh Monitor