ঢেউয়ের ছন্দ আর নীলে মাখা সৈকতে বসে ইফতার

জাফর আলম Date: 01 March, 2026
ঢেউয়ের ছন্দ আর নীলে মাখা সৈকতে বসে ইফতার

কক্সবাজার:  পর্যটন নগরী কক্সবাজারের মায়াবী ও রূপময় সমুদ্রসৈকতের মেরিন ড্রাইভ সংলগ্ন প্যাঁচার দ্বীপে অবস্থিত মারমেইড বিচ রিসোর্ট–এ শুরু হয়েছে ব্যতিক্রমধর্মী ইফতার আয়োজন। 

নীল জলরাশির গর্জন, ঢেউয়ের ছন্দ আর প্রকৃতির নৈসর্গিক আবহে পর্যটকেরা এখানে উপভোগ করছেন অনন্য এক ইফতার অভিজ্ঞতা, যা ইতোমধ্যে ভ্রমণপিপাসুদের মধ্যে বিশেষ আগ্রহ সৃষ্টি করেছে।

রেস্তোরাঁর টেবিল পাতা হয়েছে এমনভাবে, যেখান থেকে হাত বাড়ালেই যেন ছুঁয়ে দেখা যায় সৈকতে আছড়ে পড়া ঢেউ। সাগরের দিকে তাকিয়ে প্রশান্তিতে সময় কাটান রোজাদারেরা। ইফতারের আগমুহূর্তে পুরো এলাকায় তৈরি হয় এক অনন্য আবহ।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রিসোর্টের তিনটি বড় রেস্তোরাঁয় শতের মতো পর্যটকের উপস্থিতি দেখা গেছে। রিসোর্ট কর্তৃপক্ষ জানায়, ৭০০ ফুট দৈর্ঘ্যের সুইমিংপুল, খোলা মাঠ ও সৈকতে চেয়ার-টেবিল পেতে বিশেষ ইফতার আয়োজন করা হয়েছে। পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে অনেকেই এই ব্যতিক্রমী পরিবেশে ইফতার করতে আসছেন।

পর্যটকদের মতে, সাগরের ঢেউ দেখতে দেখতে ইফতার করার অভিজ্ঞতা অন্যরকম প্রশান্তি এনে দেয়। প্রাকৃতিক পরিবেশে এমন আয়োজন কক্সবাজারে ভ্রমণকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

কক্সবাজার হোটেল রিসোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক মুকিম খান বলেন, মারমেইডের অবস্থান নির্জন সৈকত তীরে এবং ইকো ট্যুরিজম পরিবেশ গড়ে তোলা হয়েছে। খাবারের মানও ভালো।

মারমেইডের ‘রামাদান স্পেশাল বুফে ইফতার’ সাজানো হয়েছে ২৫টি পদ দিয়ে। মাথাপিছু মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩৫০ টাকা। তবে কাপলদের ক্ষেত্রে ১৫০ টাকা ছাড় দিয়ে রাখা হয় ১ হাজার ২০০ টাকা করে।

-B

Share this post



Also on Bangladesh Monitor