ইতিহাসে প্রথম, উষ্ণতম ৫০ শহরই ভারতে

-মনিটর অনলাইন Date: 13 May, 2026
ইতিহাসে প্রথম, উষ্ণতম ৫০ শহরই ভারতে

ঢাকাঃ গত এপ্রিলের একদিনে বিশ্বজুড়ে আবহাওয়ার এক নজিরবিহীন ও ভয়াবহ চিত্র ফুটে উঠে। গত ২৭ এপ্রিল বিশ্বের সবচেয়ে উষ্ণ ৫০টি শহরের সবগুলোই ছিল ভারতের।

বায়ুমান ও তাপমাত্রা পর্যবেক্ষণকারী প্ল্যাটফর্ম ‘একিউআই’ জানিয়েছে, আধুনিক ইতিহাসে এমন নজিরবিহীন ঘটনা আগে কখনও দেখা যায়নি।

শহরগুলোর তাপমাত্রা নির্ধারণে শুধু দিনের সর্বোচ্চ তাপমাত্রা নয়, রাতের সর্বনিম্ন তাপমাত্রা, বৃষ্টিপাত, বাতাসের গতি ও আর্দ্রতার মতো উপাদানও বিবেচনায় নেয় সংস্থাটি। ২৭ এপ্রিল তালিকাভুক্ত ৫০টি ভারতীয় শহরের গড় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১১২ দশমিক ৫ ডিগ্রি ফারেনহাইট। 

তালিকার শীর্ষে ছিল ভারতের উত্তর প্রদেশের শহর বান্দ্রা। সেদিন শহরটির সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছায় ১১৫ দশমিক ১৬ ডিগ্রি ফারেনহাইটে (৪৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস)। ভোরের দিকে শহরটির সর্বনিম্ন তাপমাত্রাও ছিল ৯৪ দশমিক ৫ ডিগ্রি ফারেনহাইট।

সাধারণত ভারতের অভ্যন্তরীণ ‘হিট বেল্ট’ অঞ্চলে গরম বেশি হলেও, এপ্রিল মাসে তাপমাত্রা এমন পর্যায়ে পৌঁছানোকে ‘অস্বাভাবিক’ বলছেন আবহাওয়াবিদরা। 

জলবায়ু ইতিহাসবিদ ম্যাক্সিমিলিয়ানো হেরেরার মতে, গত মাসের এ তাপপ্রবাহ এপ্রিল মাসের ইতিহাসে অন্যতম ভয়াবহ অভিজ্ঞতা।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ২০৫০ সাল নাগাদ ভারতের তাপমাত্রা সুস্থ মানুষের ‘টিকে থাকার সীমা’ অতিক্রম করতে পারে। ভারতের এ তীব্র দাবদাহ অর্থনীতি ও জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে শিশু, বৃদ্ধ এবং নির্মাণ শ্রমিক বা কৃষকদের মতো খেটে খাওয়া মানুষদের জন্য এ রোদ প্রাণঘাতী।

চলমান এ সংকটের সঙ্গে যুক্ত হয়েছে ভূ-রাজনৈতিক অস্থিরতা। ইরান যুদ্ধের প্রভাবে তেল সরবরাহ ব্যাহত হওয়ায় ভারতে জ্বালানি সংকট দেখা দিয়েছে। ঠিক যখন শীতাতপ নিয়ন্ত্রণ বা ফ্যানের জন্য বিদ্যুতের চাহিদা তুঙ্গে, তখন দেশটিকে জ্বালানি সংকটের মোকাবেলা করতে হচ্ছে।

ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) সতর্ক করেছে , প্রশান্ত মহাসাগরে ‘এল নিনো’র প্রভাবে এবারের মৌসুমি বায়ু দুর্বল হতে পারে। ফলে ২০২৬ সালে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টির আশঙ্কা রয়েছে। এতে দেশটির কৃষিখাত, ভূগর্ভস্থ পানি ও পানীয় জলের আধারগুলো মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।

পূর্বাভাস অনুযায়ী, চলতি মে মাসে ভারতের মধ্য ও পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোয় আরো তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। আর্দ্রতা ও তাপমাত্রার সমন্বয় বা ‘হিট ইনডেক্স’ ১২২ থেকে ১৪০ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত পৌঁছাতে পারে, যা মানবদেহের জন্য অত্যন্ত বিপজ্জনক।

-B

Share this post



Also on Bangladesh Monitor