রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিষ্ক্রিয় বিস্ফোরক শনাক্তকরণ ব্যবস্থা (ইডিএস) মেরামতের জন্য অবিলম্বে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
দেশের অন্যতম শীর্ষ বাণিজ্য সংগঠন বিজিএমইএ রপ্তানি কার্গো স্ক্যান করার প্রক্রিয়াও দ্রুততর করার জন্য স্ক্যানারের সংখ্যা বাড়ানোর আহ্বান জানিয়েছে। তারা বলেন, কর্তৃপক্ষের উচিত বাড়তি চাপ সামলানোর জন্য স্ক্যানারের সংখ্যা বাড়ানো।
রোববার বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিব মোঃ মোকাম্মেল হোসেনের সঙ্গে তার সচিবালয়ের কার্যালয়ে এক বৈঠকে এই অনুরোধ জানান।
বিজিএমইএর সহ-সভাপতি শহীদুল্লাহ আজিম,খন্দকার রফিকুল ইসলাম এবং মোঃ নাসির উদ্দিন এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ডা. আবু সালেহ মোস্তফা কামালও বৈঠকে উপস্থিত ছিলেন।
বিজিএমইএ নেতারা বলেন, আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ডের ক্রেতাদের তুমুল চাহিদার কারণে বিপুলসংখ্যক কনটেইনার কার্গোর চাপ পড়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ওপর। বিমানবন্দরে দুটি ইডিএস মেশিন নষ্ট থাকায় রপ্তানিমুখী কার্গো পণ্য তল্লাশিতে সমস্যা হচ্ছে। আরো দুটি নতুন ইডিএস মেশিন চালু করা যায়নি ফলে কার্গো ভিলেজে পণ্যের জট সৃষ্টি হচ্ছে।