করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন এর সংক্রমণ বিস্তার রোধে ইতিমধ্যে ব্যবস্থা নিতে শুরু করেছে বিশ্বের বিভিন্ন দেশের সরকার।
বিদেশী পর্যটকদের ভ্রমণেও জারি করা হচ্ছে বিভিন্ন নিয়ম। এমনই এক সিদ্ধান্ত নিলো ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটিতে প্রবেশ করা বিদেশীদের ভ্রমণ বিষয়ক নতুন এক নির্দেশনা জারি করা হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেই নির্দেশনা আগামী ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
নির্দেশনায় বলা হয়, ভারতে অন্য দেশ হতে আগত পর্যটকদের বাধ্যতামূলক পিসিআর ও অন্তত ১৪ দিনের ভ্রমণের তথ্য জমা দিতে হবে। এয়ার সুভিধার ওয়েবসাইটে এসব তথ্য জমা দিতে হবে। যেসব রাষ্ট্র করোনবাভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকিতে আছে সেসব রাষ্ট্র হতে আগত পর্যটকদের আগে থেকে করোনা টেস্ট রিপোর্ট নিয়ে আসতে হবে। সেইসঙ্গে বিমানবন্দরে এসে তাদের আবারও টেস্ট করতে হবে। টেস্টের ফলাফল নেগেটিভ এলে তাদের বাধ্যতামূলক ৭ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।
এতে আরও বলা হয়, হোম কোয়ারেন্টাইন শেষে অষ্টম দিন পর্যটককে আবারও টেস্ট করাতে হবে। সেইসঙ্গে তাদের ওপর কড়া নজরদারি রাখা হবে।
শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয় ঝুকিতে থাকা দেশগুলোর তালিকা প্রকাশ করেছে। বাংলাদেশসহ এই তালিকায় আছে যুক্তরাজ্য, ব্রাজিল, ইসরায়েল, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, সিঙ্গাপুর ও হংকং।