কানাডিয়ানদের জন্য ভিসা স্থগিত করল ভারত

মনিটর রিপোর্ট Date: 22 September, 2023
কানাডিয়ানদের জন্য ভিসা স্থগিত করল ভারত

কানাডার নাগরিকদের জন্য ভিসা পরিষেবা স্থগিতের ঘোষণা দিয়েছে ভারত। শিখ নেতা হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ড নিয়ে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই এ ঘোষণা দেয় নয়াদিল্লি। কানাডাও ভারতে তাদের হাইকমিশনের কর্মী সংখ্যা অনেক কমিয়ে দেয়ার কথা জানিয়েছে। 

এর আগে ভারতে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশন জানায়, সোশ্যাল মিডিয়া প্লাটফর্মগুলোয় তাদের কিছু কূটনীতিক হুমকিমূলক বার্তা পেয়েছেন। ফলে ভারতে সাময়িকভাবে তাদের কর্মীদের উপস্থিতির বিষয়টি”সামঞ্জস্য করা হবে। কানাডিয়ান হাইকমিশনের এ ঘোষণার কয়েক ঘণ্টার মাথায় তাদের নাগরিকদের জন্য ভিসা স্থগিতের ঘোষণা দেয় ভারত। 

কানাডায় ভিসা পরামর্শ পরিষেবা প্রতিষ্ঠান বিএলএস ইন্টারন্যাশনাল তাদের ওয়েবসাইটে জানিয়েছে, ২১ সেপ্টেম্বর অর্থাৎ গতকাল থেকে কানাডার নাগরিকদের জন্য ভিসা সেবা স্থগিত করেছে ভারত। পরবর্তী বিজ্ঞপ্তি না দেয়া পর্যন্ত এ পরিষেবা স্থগিত থাকবে। ‘পরিচালনা সংক্রান্ত কারণে’ এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে তারা।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বলা হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত কানাডার নাগরিকদের ভিসা দেয়া স্থগিত থাকবে। নয়াদিল্লিতে গতকাল সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, ‘কানাডিয়ান সরকারের নিষ্ক্রিয়তার কারণে নিরাপত্তা পরিস্থিতি বিঘ্নিত হয়েছে। আমরা ভিসা আবেদন প্রক্রিয়া স্থগিত করেছি। ই-ভিসাসহ সব ক্যাটাগরির ভিসা স্থগিত করা হয়েছে।’ 

আরও্র পড়ুন: সিংগাপুরের বিমানবন্দরে লাগবে না পাসপোর্ট

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের একটি শিখ মন্দিরের বাইরে গত ১৮ জুন হরদীপ সিং নিজ্জরকে গুলি করে হত্যা করে মুখোশ পরা দুই বন্দুকধারী। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো গত সোমবার পার্লামেন্টে দাবি করেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে ভারতের জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ তার সরকারের কাছে রয়েছে। যদিও নয়াদিল্লির পক্ষে এ অস্বীকার করা হয়েছে। পুরো বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনার এক পর্যায়ে পাল্টাপাল্টি একজন করে কূটনীতিক বহিষ্কারের ঘোষণা দেয় উভয় পক্ষ। এর মধ্যেই গতকাল নয়াদিল্লির তরফে কানাডিয়ানদের জন্য ভিসা স্থগিতের ঘোষণা আসে। বিশ্লেষকরা বলছেন, হরদীপ সিং নিজ্জরের হত্যাকাণ্ড ও পরবর্তী ঘটনাপ্রবাহকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। 

ভারতে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘কিছু কূটনীতিক বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে হুমকি পেয়েছেন। বিদ্যমান উত্তেজনাকর পরিস্থিতিতে আমরা আমাদের কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিতের পদক্ষেপ নিচ্ছি। গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা ভারতে তার কর্মীদের বিষয়টি মূল্যায়ন করছে। উদ্ভূত পরিস্থিতিতে সতর্কতার অংশ হিসেবে আমরা সাময়িকভাবে ভারতে আমাদের কূটনৈতিক কর্মীদের উপস্থিতিতে সামঞ্জস্য আনার সিদ্ধান্ত নিয়েছি।’ বিবৃতিতে অবশ্য এ সমন্বয়ের কোনো ব্যাখ্যা দেয়া হয়নি। 

আরও্র পড়ুন: ২০২৩ সালের সেরা আন্তর্জাতিক এয়ারলাইনস এমিরেটস

উভয় পক্ষের একজন করে কূটনীতিক বহিষ্কারের পর গত মঙ্গল ও বুধবার পাল্টাপাল্টি ভ্রমণ সতর্কতা আরোপ করে দুই দেশ। ভারত কানাডায় তার নাগরিকদের, বিশেষ করে শিক্ষার্থীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

-B

Share this post



Also on Bangladesh Monitor