ঢাকাঃ মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সময়সীমা না বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন দেশটির হাইকমিশনার হাজনাহ মো. হাশিম। তিনি বলেন, ‘ আমাদের সরকার যে সময়সীমা বেঁধে দিয়েছিল, সে ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে।
বুধবার (৫ জুন) দুপুরে রাজধানীর ইস্কাটন কার্যালয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার এ কথা বলেন।
সময়সীমা পুনর্বিবেচনা করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের ১৫টি সোর্স কান্ট্রি রয়েছে এবং আমরা এ সময়সীমার ব্যাপারে সব দেশের জন্যই অভিন্নতা নিশ্চিত করতে চাই। এটি বাংলাদেশের জন্য বিশেষ নয় তবে এটি ১৫ টি দেশের জন্য সমানভাবে প্রযোজ্য।
মালয়েশিয়া সরকার নির্ধারিত সময়সীমার পরে ২ জুন ই-ভিসা ইস্যু করেছে বলে বায়রার অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাইকমিশনার বলেন, তারা কোনো অভিযোগের প্রমাণ দিতে পারবেন না। কিন্তু এখন পর্যন্ত মালয়েশিয়া সরকার যাদের ভিসা দিয়েছে, তাদের সময়সীমার ব্যাপারে কঠোর।
মালয়েশিয়ায় শ্রমিকরা সেখানে চাকরি পাচ্ছে না এমন প্রশ্নের জবাবে হাইকমিশন বলেন, এটি এমন একটি বিষয় যা তার সরকার দেখছে।
-B