উড়োজাহাজের জ্বালানির দাম বেশ বেড়েছে। এই আবহে ভাড়া বাড়াতে চলেছে ভারতের স্বল্প-খরচের উড়োজাহাজ সংস্থা ইন্ডিগো। উড়োজাহাজ যাত্রীদের থেকে আলাদা করে জ্বালানির ভাড়া নেয়া হচ্ছে।
ইন্ডিগো জানিয়েছে, ০ থেকে ৫০০ কিমির দূরত্বের যাত্রাপথের ক্ষেত্রে অতিরিক্ত ৩০০ টাকা দিতে হবে যাত্রীদের। এদিকে গন্তব্যের দূরত্ব যদি ৫০১ থেকে ১০০০ কিমি হয়, তাহলে জ্বালানি চার্জ বাবদ নেয়া হবে ৪০০ টাকা করে।
এদিকে ইন্ডিগোর প্রকাশিত তালিকা অনুযায়ী, ১০০১ থেকে ১৫০০ কিমির দূরত্বের যাত্রাপথের ক্ষেত্রে অতিরিক্ত ৫৫০ টাকা দিতে হবে যাত্রীদের। এদিকে গন্তব্যের দূরত্ব যদি ১৫০১ থেকে ২০০০ কিমি হয়, তাহলে জ্বালানি চার্জ বাবদ নেয়া হবে ৬৫০ টাকা করে।
অপরদিকে ২৫০১ থেকে ৩৫০০ কিমির দূরত্বের যাত্রাপথের ক্ষেত্রে অতিরিক্ত ৮০০ টাকা দিতে হবে যাত্রীদের। এদিকে গন্তব্যের দূরত্ব যদি ৩৫০১ কিমি থেকে বেশি হলে জ্বালানি চার্জ বাবদ নেয়া হবে ১০০০ টাকা করে।
প্রসঙ্গত, গত ১ অক্টোবরই এয়ার টার্বাইন ফুয়েলের দাম একলাফে ৫ শতাংশ বাড়িয়েছিল ভারতের কেন্দ্রীয় সরকার। জুলাই থেকে টানা চতুর্থবার দাম বাড়ানো হয়েছে উড়োজাহাজের জ্বালানির। এই আবহে চাপ বেড়েছে উড়োজাহাজ সংস্থাগুলোর ওপর। লাভের গ্রাফ ধরে রাখতে এবার উড়োজাহাজের জ্বালানির বোঝা সরাসরি যাত্রীদের ঘাড়ে চাপালো ইন্ডিগো।
আরও পড়ুন: দুবাইয়ে যান্ত্রিক ত্রুটিতে বিমান, দুর্ভোগে ২৬৮ বাংলাদেশি
ভারতে বর্তমানে এয়ার টার্বাইন ফুয়েলের দাম প্রতি কিলোলিটারে একবারে ৫,৭৭৯.৮৪ টাকা বেড়েছে। এর ফলে বর্তমানে দিল্লিতে প্রতি কিলোলিটার এটিএফ-এর দাম বেড়ে হয়েছে ১ লাখ ১৮ হাজার ১৯৯.১৭ টাকা। এর আগে গতমাসে এক কিলোলিটার এয়ার টার্বাইন ফুয়েলের দাম ছিল ১ লাখ ১২ হাজার ৪১৯.৩৩ টাকা।
-B