ঢাকা : যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধের তৃতীয় সপ্তাহে এসে বিশ্বজুড়ে বিভিন্ন বিনোদন ও পর্যটনকেন্দ্র লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে ইরান।
ইরানের পক্ষ থেকে এমন সময় এই ঘোষণা আসলো মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে আরও তিনটি যুদ্ধজাহাজ এবং ২৫০০ নৌসেনা (মেরিন) মোতায়েনের ঘোষণা দিয়েছে।
ইরানের শীর্ষ সামরিক মুখপাত্র জেনারেল আবুলফজল শেকারচি সতর্ক করে বলেছেন, বিশ্বজুড়ে থাকা ‘পার্ক, বিনোদন এলাকা ও পর্যটন গন্তব্যগুলো’ ইরানের শত্রুদের জন্য আর নিরাপদ থাকবে না।
তাঁর এই হুমকির ফলে শত্রুদের ওপর চাপ প্রয়োগের কৌশল হিসেবে ইরান হয়তো মধ্যপ্রাচ্যের বাইরেও অসম (অ্যাসিমেট্রিক) হামলার পথে হাঁটতে পারে।
বুধবার ইরানের বিশাল সামুদ্রিক প্রাকৃতিক গ্যাসক্ষেত্র ‘সাউথ পার্স’-এ বোমা হামলা চালায় ইসরায়েল। এরপর থেকেই উপসাগরীয় আরব দেশগুলোর জ্বালানি স্থাপনাগুলোতে হামলা জোরদার করেছে তেহরান।
এরই ধারাবাহিকতায় শুক্রবার ভোরে কুয়েতের একটি তেল শোধনাগারে দুই দফায় ড্রোন হামলা চালায় ইরান। এতে সেখানে আগুন ধরে যায়। মিনা আল-আহমাদি নামের ওই শোধনাগারটি মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ তেল শোধনাগার, যেখানে প্রতিদিন প্রায় ৭ লাখ ৩০ হাজার ব্যারেল তেল পরিশোধন করা যায়।
উল্লেখ্য-ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে যৌথ হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। একই সঙ্গে ইরান কয়েকটি আরব দেশে যেখানে মার্কিন ঘাঁটিসহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্ট আছে সেখানেও হামলা চালিয়ে যাচ্ছে। ফলে এই সংঘাত এখন ওই অঞ্চলের ১৪ দেশে ছড়িয়ে পড়েছে।
-B