১৫ দিনের মধ্যে ইতালির ভিসা জটিলতা সমাধানের আহবান 

-মনিটর রিপোর্ট  Date: 17 March, 2025
১৫ দিনের মধ্যে ইতালির ভিসা জটিলতা সমাধানের আহবান 

ঢাকা: বাংলাদেশের কুটনৈতিক ব্যর্থতার কারণে ভিসা জটিলতায় ভুগছে বলে জানিয়েছেন ইতালি ভিসাপ্রত্যাশী বাংলাদেশিরা। তাই আগামী ১৫ দিনের মধ্যে এই সমস্যা নিষ্পত্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

অন্যথায় প্রবাসীদের নিয়ে কঠোর কর্মসূচি পালন করার হুঁশিয়ারি দেন তারা।

রবিবার (১৬ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে ইতালি ভিসাপ্রত্যাশীদের আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভিসাপ্রত্যাশীদের অন্যতম সমন্বয়ক লোটাস পারভেজ বলেন, ইতালির ওয়ার্ক পারমিট জমা দিয়ে বছরের পর বছর পার হলেও ভিসা না পাওয়ায় মানবেতর জীবনযাপন পার করছি আমরা। বেশিরভাগ ক্ষেত্রে সবার দুই বছর হয়ে গেছে পারমিট জমা দেওয়ার। তাছাড়া ওয়ার্ক পারমিট জমা দিতে অনেক টাকা আমাদের খরচ হয়েছে। পরিবারের একটু সুখের আশায় কেউ ঋণ করে, কেউ ভিটে বিক্রি করে টাকা জমা দিয়েছি। কিন্তু আজ আমরা হতাশ। আমাদের সমস্যা সমাধানে কেউ এগিয়ে আসছে না।  

তিনি বলেন, আগামী ১৫ কর্মদিবসের মধ্যে এটি বাস্তবায়ন না করলে আমরা প্রবাসী ভাইদের নিয়ে এমন ভয়ংকর কর্মসূচি পালন করবো যার প্রভাব বাংলাদেশের অর্থনীতির ওপর কঠিনভাবে পড়বে। প্রবাসীদের কর্মসূচির ভয়াবহতা কি হতে পারে তা ২৪’র গণ-আন্দোলনের স্বৈরাচার সরকারকে বুঝিয়ে দেওয়া হয়েছে। প্রবাসীদের কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করবেন না। বাংলাদেশের অর্থনীতিতে সব থেকে বড় অবদান প্রবাসীদের।

তিনি আরও বলেন, বাংলাদেশের প্রবাসী কমিউনিটির আমাদের সাথে কথা হয়েছে, তারা আমাদের এই দুঃসময়ে সহযোগিতা করতে চায়। সরকার দ্রুত সময়ে ইতালি ভিসা সংকট নিরসনে জরুরি পদক্ষেপ না নিলে রেমিট্যান্স শাটডাউন কর্মসূচি দেবে তারা এবং আমরা লক্ষাধিক ভুক্তভোগী এবং তাদের পরিবারকে সঙ্গে নিয়ে আমরণ অবস্থান কর্মসূচি পালন করবো।
 

Share this post



Also on Bangladesh Monitor