ঢাকাঃ উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেলের (জেট ফুয়েল) দাম বাড়লো।
অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার ৯৩ টাকা ৫৭ পয়সা থেকে বাড়িয়ে ৯৮ টাকা ২ পয়সা করা হয়েছে। আর আন্তর্জাতিক রুটে ৬০ মার্কিন সেন্ট থেকে বাড়িয়ে ৬৪ সেন্ট নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
সোমবার (১৪ জুলাই) বিইআরসি থেকে জারি করা এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দর ঘোষণা করা হয়। নতুন দর রাত ১২টার পর থেকে কার্যকর হয়েছে।
আগে জেট ফুয়েলের দাম নির্ধারণ করত বিপিসি। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর নির্বাহী আদেশে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণের ধারা বাতিল করে দিয়েছে। এরপর গত বছরের ১৫ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে ফার্নেস অয়েল, জেট এ-১-এর দাম নির্ধারণের এখতিয়ার বিইআরসির ওপর ন্যস্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনের পর গত ২৩ মার্চ প্রথমবারের মতো জেট ফুয়েলের দাম নির্ধারণের গণশুনানি গ্রহণ করে বিইআরসি।
বিপিসির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে জেট ফুয়েল বিক্রির পরিমাণ ছিল ৪ লাখ ৭১ হাজার ৫৩৫ মেট্রিক টন, যা ২০২৩-২৪ অর্থবছরে বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৪১ হাজার ৩৩ মেট্রিক টনে।
এদিকে দাম নির্ধারণের বিরোধিতা করে বিইআরসিকে একটি চিঠি দিয়েছে ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)।
এতে বলা হয়, জেট ফুয়েলের বিতরণ চার্জ বৃদ্ধি যৌক্তিক হয়নি, তাই ক্যাব এর প্রতিবাদ জানিয়েছে। এ নিয়ে ক্যাবের সঙ্গে বিইআরসির বিদ্যমান বিরোধ নিষ্পত্তির আগপর্যন্ত জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ স্থগিত রাখার দাবি জানিয়েছে ক্যাব।
- B