বাড়লো জেট ফুয়েলের দাম

-মনিটর রিপোর্ট Date: 09 March, 2026
বাড়লো জেট ফুয়েলের দাম

ঢাকাঃ উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি তেল জেট ফুয়েলের দাম প্রতি লিটারে বেড়েছে ১৭ টাকা ২৯ পয়সা।

দেশের ভেতরে ফ্লাইট পরিচালনার জন্য এ মাসে দাম নির্ধারণ করা হয়েছে ১১২ টাকা ৪১ পয়সা। গত মাসে এ দাম ছিল ৯৫ টাকা ১২ পয়সা।

রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য প্রতি লিটারের দাম ০.৬২৫৭ ডলার থেকে বাড়িয়ে ০.৭৩৮৪ ডলারে নির্ধারণ করা হয়েছে। নতুন দাম রাত ১২টা থেকে থেকে কার্যকর হবে।

আগে জেট ফুয়েলের দাম নির্ধারণ করত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। তবে নির্বাহী আদেশে বিদ্যুৎ ও গ্যাসের দাম নির্ধারণের ধারা অন্তর্বর্তী সরকার বাতিল করে দেয়। এরপর ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে ফার্নেস অয়েল, জেট এ–১–এর দাম নির্ধারণের এখতিয়ার বিইআরসির ওপর ন্যস্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনের পর গত বছরের ২৩ মার্চ প্রথমবারের মতো জেট ফুয়েলের দাম নির্ধারণে গণশুনানি গ্রহণ করে বিইআরসি। এর পর থেকে প্রতি মাসে দাম সমন্বয় করা হচ্ছে।

-B

Share this post



Also on Bangladesh Monitor