পটুয়াখালী : রমজান শুরু হতেই সুনসান সাগরকন্যা খ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকত।
১৮ কিলোমিটার দীর্ঘ বিস্তৃত সৈকতের বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখা যায়, ঝাউবন, শুটকিপল্লী, লেম্বুরবনসহ পুরো সৈকত ফাঁকা। তবে গত মাসেও ছুটির দিনগুলোতে পর্যটকে টইটুম্বুর ছিল এই ভ্রমণ স্পটগুলো।
পর্যটক সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, রমজানের শুরুতে পর্যটকশূন্য হয়ে পড়েছে সাগরকন্যা খ্যাত এই সমুদ্র সৈকত। তবে ঈদের ছুটিতে অসংখ্য পর্যটকের আগমন ঘটবে এই প্রত্যাশায় পরিপাটি করা হচ্ছে হোটেল মোটেলগুলো।
শামুক-ঝিনুকের দোকান, ডাব বিক্রেতা, চা-পানের দোকান, খাবার হোটেল—কোথাও লোক নেই। বিশেষ দিনেও কুয়াকাটার মতো আকর্ষণীয় একটি পর্যটনকেন্দ্র সাধারণত এমন ‘নীরব’ থাকে না বলে জানালেন স্থানীয় ব্যবসায়ীরা।
হোটেল সাউথ স্টারের পরিচালক ইসমাইল হোসেন বলেন, গত ২-৩ মাস প্রতি শুক্র, শনিবার আমাদের সবগুলো রুম অগ্রীম বুকিং হতো। কিন্তু রমজান শুরু থেকেই প্রায় ৯৫ শতাংশ ফাঁকা।
ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব কুয়াকাটার (টোয়াক) সেক্রেটারি জেনারেল জহিরুল ইসলাম বলেন, রমজানের কারণে আমাদের পর্যটক নেই বললেই চলে। তবে ঈদের পর জমজমাট হবে আশা রাখি।
কুয়াকাটা সৈকত ব্যবস্থাপনা কমিটির সদস্যসচিব ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, ‘ঈদ–পরবর্তী সময়ে কুয়াকাটায় পর্যটকদের ভিড় বাড়বে এমন ধারণা মাথায় রেখেই আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি।
-B