ঈদে চাঙা স্বল্পমূল্যের বাজার 

-মনিটর রিপোর্ট Date: 16 March, 2026
ঈদে চাঙা স্বল্পমূল্যের বাজার 

ঢাকাঃ রাজধানীতে ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে স্বল্প আয়ের মানুষের বাজার, যা অনানুষ্ঠানিক খাতের অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি এনেছে। 

ফুটপাত, অস্থায়ী স্টল ও ছোট দোকানগুলোতে কম দামের  পণ্যের বিক্রি বেড়েছে উল্লেখযোগ্যভাবে। সীমিত আয়ের ক্রেতারা বাজেটের মধ্যে কেনাকাটায় ঝুঁকছেন, আর সেই চাহিদাকে ঘিরে ক্ষুদ্র ব্যবসায়ী ও মৌসুমি বিক্রেতাদের লেনদেনও বাড়ছে। 

অর্থনীতিবিদদের মতে, এমন মৌসুমি বাজার নিম্ন আয়ের মানুষের ক্রয়ক্ষমতার প্রতিফলন যেমন, তেমনি নগর অর্থনীতির অনানুষ্ঠানিক খাতেও সাময়িক আর্থিক সঞ্চালন তৈরি করে।

ঈদের বাজারে বড় বড় বিপণিবিতানেও বিক্রেতারা বলেন ‘বেচাকেনা কম’, সেখানে চিত্রটা উল্টো রাজধানীর বিভিন্ন হলিডে মার্কেট ও ফুটপাতে।

 শুক্র ও শনিবার (১৩, ১৪ মার্চ) ছুটির দিনে এইসব মার্কেটের অনেক গলিতে পা ফেলারও জায়গা নেই। জমে উঠেছে ওইসব মার্কেটের সামনে ফুটপাতগুলোও।

দক্ষিণ সিটি করপোরেশনের খিলগাঁও তালতলা মার্কেট, মতিঝিল হলিডে মার্কেট, গুলিস্তান, ফার্মগেট এবং নিউমার্কেট এলাকা ঘুরে  দেখা যায়, মার্কেটের ভেতরের চেয়ে মাঝখানের ফুটপাতগুলোতে ক্রেতাদের ভিড় বেশি।

ফুটপাতগুলো এখন গমগম করছে ক্রেতা-বিক্রেতাদের পাদচারণায়। শত শত মানুষ ভিড় করছেন তুলনামূলক কম দামে পণ্য কেনার জন্য। তাই সারাক্ষণই হাঁকডাকে সরগরম প্রতিটি দোকান।

কথা হলে কয়েকজন ক্রেতা বলেন, এখানে বিক্রেতারা বেশি বিক্রি করে, লাভ কম রাখে। দামাদামি করা যায়। আর এই মার্কেট হলো গরিবের আরামের মার্কেট। শোরুমে তো আমাদের সবার যাওয়ার সামর্থ্য নেই।

ঈদ কেনাকাটায় বিত্তবানদের প্রয়োজন না হলেও, নিম্ন এবং নিম্ন মধ্যবিত্তদের জন্য একরকম আশীর্বাদ রাজধানীর ফুটপাতের বাজার। তবে বিত্তবানদেরও ফুটপাত থেকে গ্রামের মানুষ এবং আত্মীয়স্বজনের জন্য কাপড়চোপড় কিনতে দেখা যায়। সব মিলিয়ে সাধ্যের মধ্যে সেরা জিনিসটা খোঁজার জায়গা ফুটপাতের এ দোকানগুলো।

-B

Share this post



Also on Bangladesh Monitor