ঢাকাঃ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পার্কিংয়ে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটে আঘাত করেছে একটি লাগেজ ট্রলি (খাঁচা ট্রলি)। এতে বিমানের বাইরের অংশ কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ সময় প্লেনের ভেতরে কোনো যাত্রী ছিল না বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যা ৬টায় ব্যাংকক থেকে ঢাকায় আসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৩৮৯ ফ্লাইটটি। নির্ধারিত পার্কিং বেতে থামার পর যাত্রী নামিয়ে নেওয়া হয়। এরপর যাত্রীদের লাগেজ সংগ্রহের জন্য খাঁচা ট্রলি নিয়ে আসা হয়।
এ সময় পাশের পার্কিং বেতে থাকা একটি ড্যাশ ৮ উড়োজাহাজ অভ্যন্তরীণ রুটে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। উড্ডয়নের আগমুহূর্তে বিমানের পাখার জোরালো বাতাসে খাঁচা ট্রলিটি উড়ে গিয়ে পার্কিংয়ে থাকা বোয়িং ৭৩৭-এ ধাক্কা দেয়।
ঘটনার বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর জানান, “ট্রলিটি চলমান ছিল না, সেটি স্থির ছিল। ড্যাশ ৮ বিমানের পাখার বাতাসে এটি সরে গিয়ে বোয়িং প্লেনটিতে আঘাত করে। এ সময় প্লেনের ভেতরে কোনো যাত্রী ছিল না।”
তিনি আরও জানান, ঘটনাস্থলে ইঞ্জিনিয়ারদের একটি দল কাজ করছে। তারা বিমানটির ক্ষয়ক্ষতির মাত্রা নিরূপণ করছেন।
-B