ঢাকা-ম্যানচেস্টার রুটে ফ্লাইট বন্ধ নিয়ে নতুন সিদ্ধান্ত

-মনিটর রিপোর্ট Date: 07 January, 2026
ঢাকা-ম্যানচেস্টার রুটে ফ্লাইট বন্ধ নিয়ে নতুন সিদ্ধান্ত

ঢাকাঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড ঢাকা ও সিলেট থেকে যুক্তরাজ্যের ম্যানচেস্টারগামী নিয়মিত ফ্লাইট সাময়িকভাবে বন্ধের সিদ্ধান্ত আরও ১ মাস পিছিয়েছে।

বিমান পরিচালনা পর্ষদের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ মার্চ থেকে ঢাকা/সিলেট–ম্যানচেস্টার–ঢাকা/সিলেট রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা স্থগিত থাকবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

এতে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা/সিলেট-ম্যানচেস্টার-ঢাকা/সিলেট রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা আগামী ১ ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছিলো।

তবে পরবর্তীতে টিকেটধারী যাত্রীদের বিষয়টি বিবেচনায় রেখে পরিচালনা পর্ষদের পুনঃসিদ্ধান্ত অনুযায়ী, ওই রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা পূর্বঘোষিত ১ ফেব্রুয়ারির পরিবর্তে আগামী ১ মার্চ থেকে সাময়িকভাবে স্থগিত রাখা হবে।

ফলে ঢাকা/সিলেট-ম্যানচেস্টার-ঢাকা/সিলেট রুটের পরিবর্তে ঢাকা-লন্ডন-ঢাকা রুটে বিকল্প ফ্লাইটে যাত্রা, ফ্লাইটের তারিখ পরিবর্তন, টিকিট রিফান্ড ইত্যাদি ক্ষেত্রে বিমানের বিদ্যমান নীতিমালা অনুযায়ী যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা দেয়া  হবে।

এ বিষয়ে যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা ও লন্ডন বিক্রয় অফিস, বিমান কল সেন্টার (১৩৬৩৬/ +৮৮০৯৬১০৯-১৩৬৩৬) অথবা বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

সাময়িক এই অসুবিধার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রী ও সংশ্লিষ্ট সবার কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং সবার সহযোগিতা চেয়েছে। 

ঢাকা/সিলেট-ম্যানচেস্টার-ঢাকা/সিলেট রুটে পুনরায় ফ্লাইট চালু হলে সেটি যথাসময়ে অবহিত করা হবে।

-B

Share this post



Also on Bangladesh Monitor