ঢাকাঃ পরিবেশ ও জীববৈচিত্র্য ঠিক রাখার লক্ষ্যে সরকার সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকের সংখ্যা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি চার মাস সেখানে পর্যটক সীমিত থাকবে।
আগামী ডিসেম্বর ও জানুয়ারিতে প্রতিদিন ২ হাজার পর্যটক সেন্ট মার্টিন যেতে পারবেন। এছাড়া নভেম্বরে পর্যটক যেতে পারলেও কেউ রাতে থাকতে পারবেন না। আর ফেব্রুয়ারিতে পুরো মাস পরিচ্ছন্নতার কাজ চলবে, পর্যটক যেতে পারবেন না।
মঙ্গলবার (২২ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে এসব কথা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। তিনি জানান, সেন্ট মার্টিন কোরাল দ্বীপ। পরিবেশ ঠিক রাখার জন্যই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
অপূর্ব জাহাঙ্গীর বলেন, ‘সেন্ট মার্টিন প্রবাল দ্বীপ হওয়ায় এর পরিবেশগত বৈচিত্র্য ধরে রাখতে বছরের ৪ মাস সেখানে পর্যটকদের সংখ্যা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ পদক্ষেপগুলো গ্রহণ না করলে দ্বীপে পরিবেশগত বিপর্যয় ঘটতে পারে। মূলত এ কারণে সরকারের এসব সিদ্ধান্ত নেয়া। ফেব্রুয়ারিতে দ্বীপ পরিষ্কার করা হবে। সেজন্য এ মাসে সেখানে পর্যটকদের প্রবেশ বন্ধ রাখা হবে।’ এছাড়া এ দ্বীপে প্লাস্টিক পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে বলে তিনি জানান।
-B