ঢাকাঃ আকাশপথে ভ্রমণ ফিরেছে পুরনো ছন্দে। ২০২৪ সালে বিশ্বব্যাপী এ পথের যাত্রী সংখ্যা অবশেষে ২০১৯ সালের স্তর অতিক্রম করেছে।
বিমানবন্দর কাউন্সিল ইন্টারন্যাশনাল (এসিআই) ওয়ার্ল্ডের প্রকাশিত প্রাথমিক বৈশ্বিক বিমানবন্দরের তথ্যানুসারে, গত বছর প্রায় ৯৫০ কোটি যাত্রী উড়োজাহাজে ভ্রমণ করেছে, যা ২০১৯ সালের কভিড-১৯ মহামারীর আগের স্তরের চেয়ে ৩ দশমিক ৮ শতাংশ বেশি। আর ২০২৩ সালের তুলনায় ৯ শতাংশ বেশি।
প্রতিবেদনে ২০২৪ সালের বিশ্বের সবচেয়ে ব্যস্ত ১০ বিমানবন্দরকেও তুলে ধরা হয়েছে। এ তালিকায় এবারো শীর্ষস্থান ধরে রেখেছে হার্টসফিল্ড-জ্যাকসন আটলান্টা আন্তর্জাতিক বিমানবন্দর।
জর্জিয়ার রাজধানী আটলান্টায় অবস্থিত ডেল্টা এয়ারলাইনস হাবটি ২৭ বছরের মধ্যে ২৬ বার শীর্ষস্থান দখল করেছে। গত বছরের মতো এবারো দ্বিতীয় স্থানে রয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। তৃতীয় স্থানে রয়েছে ডালাস ফোর্ট ওয়ার্থ। চতুর্থ ও পঞ্চম স্থানে যথাক্রমে রয়েছে টোকিও হানেদা ও লন্ডন হিথ্রো। ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে ষষ্ঠ স্থানে।
সপ্তম ও নবম স্থানে থাকা ইস্তানবুল ও নয়াদিল্লি এগিয়ে যাচ্ছে উড়োজাহাজের সম্প্রসারণ, অবকাঠামোর উন্নয়ন ও বৈশ্বিক সংযোগ বৃদ্ধির কারণে। অষ্টম স্থানে আছে শিকাগো ও’হেয়ার বিমানবন্দর।
তবে নজরে পড়ার মতো অগ্রগতি লাভ করেছে দশম স্থানে থাকা সাংহাই পুডং আন্তর্জাতিক বিমানবন্দর। ২০২৩ সালে ২১তম স্থান থেকে ৪১ শতাংশ যাত্রী বৃদ্ধির মাধ্যমে এক লাফে দশম স্থানে উঠে এসেছে এটি।
বিমানবন্দরগুলোর প্রবৃদ্ধির বিষয়ে এসিআই ওয়ার্ল্ডের মহাপরিচালক জাস্টিন এরবাচি বলেন, ‘ভবিষ্যতের প্রবৃদ্ধি সবচেয়ে বেশি দেখা যাবে এশিয়া-প্যাসিফিক অঞ্চল, ভারত, চীন, লাতিন আমেরিকা ও কিছুটা আফ্রিকায়। আর উন্নত দেশগুলোয় (উত্তর আমেরিকা ও ইউরোপ) প্রবৃদ্ধি কিছুটা ধীর হবে। তবে শিল্পটি এখনো অর্থনৈতিক অনিশ্চয়তা, ভূরাজনৈতিক উত্তেজনা, উড়োজাহাজ নির্মাতাদের উৎপাদন বিলম্বের মতো কিছু চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে।’
বিশ্বব্যাপী উড়োজাহাজ চলাচল ২০৪৫ সালের মধ্যে দ্বিগুণ হবে বলে প্রত্যাশা এসিআই ওয়ার্ল্ডের।
-B