সৌদি আরবের মেগা শহর নিওমে সর্বশেষ প্রকল্প হিসেবে উন্মোচিত হলো জারদুন।
দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে লোহিত সাগরের তীরে গড়ে তোলা নগরীর সর্বশেষ আকর্ষণ হিসেবে যুক্ত হয়েছে একাধিক স্থাপনা। এ রিসোর্টে থাকছে চারটি অভিজাত ভবন, যার প্রতিটিই হবে পরিবেশসম্মত। ৪বর্গকিলোমিটার বিস্তৃতি নিয়ে জারদুন গড়ে উঠবে প্রাণী ও উদ্ভিদ বৈচিত্র্য নিয়ে। পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে সমুদ্র উপকূল পর্যন্ত এর বিস্তৃতি। জারদুনে থাকবে তিনটি পৃথক বুটিক হোটেল, সম্মিলিতভাবে যেখানে ১০০ কক্ষ থাকবে।
মানসিক স্থিতিশীলতা ও পারিপার্শ্বিক পরিবেশের ওপর গুরুত্ব দিয়ে সজ্জিত হবে প্রতিটি কক্ষ। পৃথক থিমের ওপর প্রতিটি হোটেল ডিজাইন করা হয়েছে। এখান থেকে অতিথিরা ভিন্ন অভিজ্ঞতা লাভ করবেন। তাদের দৃষ্টিসীমার মাঝে থাকে সমুদ্র ও উপত্যকা। রিসোর্টে ট্রেকিং, বাইকিং ও রক ক্লাইম্বিং সুবিধা থাকবে। পাশাপাশি থাকবে নভোথিয়েটার, মেডিটেশন ও ইয়োগা সেন্টার।
জারদুন অতিথিদের জন্য শিক্ষণীয় নানা অনুষ্ঠানের আয়োজন রাখবে। বিশেষ প্রাধান্য পাবে পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য প্রযুক্তি। নির্মাতারা বলছেন, জারদুনের প্রধান আকর্ষণীয় দিক এর টেকসই পরিকল্পনা। যার মাধ্যমে নিশ্চিত করা হবে উপকূল ও সামুদ্রিক বৈচিত্র্য।
এ পরিকল্পনায় আকাবা উপসাগরের প্রবাল প্রাচীরের সুরক্ষা প্রাধান্য পাচ্ছে। নিওম প্রকল্পের আওতায় সৌদি আরবে আরেকটি বড় শহর গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। ১০০ মাইল লম্বা বিলাসবহুল শহরটির পরিচিতি হবে দ্য লাইন নামে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী, জারদুনের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে নিওমের অন্যান্য প্রকল্প লেইজা, এপিকন, সিরান্না, উতামো, নরলানা ও একুয়েলাম।
-B