নতুন ঝড় আসছে:স্বাস্থ্য ব্যবস্থা পৌঁছবে খাদের কিনারে

-মনিটর অনলাইন Date: 22 December, 2021
নতুন ঝড় আসছে:স্বাস্থ্য ব্যবস্থা পৌঁছবে খাদের কিনারে

আরেকটি ঝড় আসছে আর সরকারগুলোকে ব্যাপক পরিমাণ আক্রান্ত সামাল দিতে হবে। ডব্লিউএইচও’র ইউরোপীয় অঞ্চলের প্রধান হ্যান্স ক্লুগ'র এই মন্তব্যের সাথে সহমত পোষণ করে বিধিনিষেধ ফের আরোপ করতে যাচ্ছেন ইউরোপীয় নেতারা।
ইউরোপের অধিকাংশ দেশেই ইতোমধ্যে দাপুটে ভ্যারিয়েন্টে পরিণত হয়েছে ওমিক্রন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) প্রথম থেকেই সতর্ক করে বলছে, আক্রান্তের এই বাড়তি স্বাস্থ্য ব্যবস্থা বিপর্যয়ের কিনারে পৌঁছে দেবে।
ওমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় বড় ধরনের ঢেউ আসছে সতর্ক করে বুস্টার ডোজ নেওয়ার পরামর্শও দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
জার্মানি জানিয়েছে আগামী ২৮ ডিসেম্বর থেকে বিধিনিষেধ ফেরত আসবে। বন্ধ হয়ে যাবে নাইট ক্লাব, দশ জনের বেশি ব্যক্তিগত সমাবেশও নিষিদ্ধ হবে। ওই তারিখের পর থেকে ফুটবল ম্যাচগুলোয় রুদ্ধদ্বার অনুষ্ঠিত হবে। মঙ্গলবার জার্মান চ্যান্সেলর ওলাফ শুলৎজ বলেছেন, ‘করোনাভাইরাস বড়দিনের ছুটি নেবে না।’
এদিকে, পর্তুগাল ২৬ ডিসেম্বর থেকে বার ও নাইট ক্লাব বন্ধ করে দেবে। এছাড়া আগামী ৯ জানুয়ারি পর্যন্ত বাসা থেকে কাজ করা বাধ্যতামূলক করবে। বাইরে দশ জনের বেশি সমবেত হতে পারবে না।
যুক্তরাজ্যে বড়দিনের আগে নতুন বিধিনিষেধ আরোপের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ড সামাজিক মেলামেশা সীমিত করার ঘোষণা দিয়েছে।
সুইডেনে বার, ক্যাফে ও রেস্টুরেন্টে কেবল আসন সংখ্যার সমান অতিথিকে আপ্যায়ন করা যাবে। এছাড়া সম্ভব হলে মানুষকে বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছে।
ইউরোপে ইতোমধ্যে প্রায় ৯ কোটি মানুষ করোনায় আক্রান্ত এবং প্রায় ১৫ লাখ মানুষের মৃত্যু হয়েছে।
 

Share this post



Also on Bangladesh Monitor