ঢাকাঃ উড়োজাহাজের টিকিট কাটার ৪৮ ঘণ্টার মধ্যে সেটি বাতিল করলে যাত্রীদের অতিরিক্ত টাকা বা অ্যাডিশনাল চার্জ দিতে হবে না এমনটাই জানিয়েছে ভারতীয় উড়োজাহাজ নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ।
আগামী ২৬ মার্চ থেকে কার্যকর হওয়া নতুন বিধিমালায় থাকছে টিকিট কাটার পর ৪৮ ঘণ্টার মধ্যে বিনামূল্যে বাতিল ও সংশোধনের সুযোগ, রিফান্ড দেওয়ার ক্ষেত্রে কঠোর সময়সীমা নির্ধারণ এবং বাতিল ফি সম্পর্কে আরও স্পষ্ট ও পরিষ্কার নির্দেশনা।
তবে নির্দিষ্ট কয়েকটি ক্ষেত্রে এই সুবিধা পাবেন না যাত্রীরা। ডিজিসিএ-র তরফে জানানো হয়েছে, ১৪ দিনের মধ্যে বাতিল টিকিটের টাকা যাত্রীকে ফিরিয়ে দিতে হবে।
নতুন বিধিতে বলা হয়েছে, উড়োজাহাজ সংস্থার ওয়েবসাইট থেকে টিকিট কাটলে তো বটেই, কোনও যাত্রী যদি ট্রাভেল এজেন্ট বা অন্য পোর্টালের মাধ্যমে টিকিট কাটেন, তা হলেও টাকা ফেরাতে হবে।
নয়া বিধিতে এ-ও বলা হয়েছে যে, উড়োজাহাজ সংস্থার ওয়েবসাইট থেকে টিকিট কাটার ২৪ ঘণ্টার মধ্যে যাত্রী নাম সংশোধন করতে চাইলে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না।
তবে উড়োজাহাজ সংস্থার ওয়েবসাইট থেকে অন্তর্দেশীয় উড়োজাহাজের ক্ষেত্রে যাত্রার ৭দিনের মধ্যে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ১৫ দিনের মধ্যে টিকিট কাটা হলে, সে ক্ষেত্রে টাকা ফেরতের ওই সুবিধা মিলবে না।
দেশের উড়োজাহাজ নিয়ন্ত্রক সংস্থা সূত্রে খবর, উড়োজাহাজের টিকিট বাতিলের পর টাকা ফেরতের বিষয়ে নানা সমস্যার কথা জানাচ্ছিলেন যাত্রীরা।
গত ডিসেম্বরে বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইন্ডিগোর পরিষেবা কার্যত থমকে যাওয়ায় বিপাকে পড়েন যাত্রীরা। সেই সময়েও ইন্ডিগো কর্তৃপক্ষকে নির্দিষ্ট সময়ের মধ্যে যাত্রীদের টাকা ফেরতের নির্দেশ দিয়েছিল ডিজিসিএ। এ বার এই বিষয়ে সামগ্রিক বিধিই তৈরি করে দিল তারা।
বর্তমান বিধি অনুসারে বাতিল করা টিকিটের টাকা ফেরত পেতে যাত্রীরা নানা অসুবিধার সম্মুখীন হন বলে অভিযোগ। সফরের অনেক আগে টিকিট বাতিল হলে যাত্রীদের তুলনায় অল্প পরিমাণ টাকা খরচ করা হয়। সফরের সময় যত এগিয়ে আসে, তত এই টাকার পরিমাণ বাড়তে থাকে।
বহু ক্ষেত্রে বিমানবন্দরের শুল্ক ছাড়া যাত্রীদের আর কিছুই ফেরত দেওয়া হয় না বলে অভিযোগ। বহু ক্ষেত্রে আবার অভিযোগ, যাত্রীদের টিকিটের টাকা ফেরত না দিয়ে বিকল্প উড়োজাহাজের টিকিট কিনতে বাধ্য করে সংস্থাগুলি। এই পরিস্থিতিতে যাত্রীদের সুবিধার্থে এই সংক্রান্ত বিধি সহজ করল ডিজিসিএ।
-B