ঢাকাঃ কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (কেআইএফএফ) একদম শুরু হতেই বাংলাদেশের ছবি থাকতো। তবে এবারই তার ব্যতিক্রম হতে যাচ্ছে। উৎসবে প্রদর্শন হতে যাওয়া ১৮০ ছবির মধ্যে কোনো বাংলাদেশি ছবি নেই।
রাজনৈতিক অবস্থা ও ভিসা জটিলতার কারণেই এবার বাংলাদেশকে উপেক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন উৎসবের চেয়ারম্যান গৌতম ঘোষ। উৎসবটি শুরু হচ্ছে আগামী ৪ ডিসেম্বর থেকে।
সংবাদ সংস্থাকে গৌতম ঘোষ বলেন, ‘আগের বছরগুলোর চেয়ে এবার পরিস্থিতি আলাদা। ভিসা জটিলতা তো আছেই। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহের কারণে পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। বর্তমান পরিস্থিতি বিবেচনায় প্রতিবেশী দেশ বাংলাদেশের কোনো সিনেমা এবার উৎসবের তালিকায় নেই।’
কলকাতা চলচ্চিত্র উৎসবে কয়েক বছর ধরে নিয়মিত অংশ নিয়েছে বাংলাদেশ। ২০২২ সালে যৌথভাবে উৎসবের সেরা সিনেমা নির্বাচিত হয়েছিল মুহাম্মদ কাইউমের ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। এর আগে ২৬তম কেআইএফএফে এশিয়ান সিলেক্ট (নেটপ্যাক) পুরস্কার পেয়েছিল রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘নোনা জলের কাব্য’। সর্বশেষ গত বছর কলকাতা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের তিনটি সিনেমা দেখানো হয়েছিল।
শুধু সিনেমা নয়, উৎসবের এবারের আসরে বিভিন্ন সেশন ও কর্মশালায় প্যানেলিস্টের তালিকায়ও বাংলাদেশের কোনো অতিথির নাম নেই। এ উৎসবের জন্য সারা বছর অধীর আগ্রহে বসে থাকেন সিনেপ্রেমীরা। এরই মধ্যেই সেজে উঠেছে কলকাতার নন্দন চত্বর। সেজে উঠেছে কলকাতার বিভিন্ন স্থান। এবার এ উৎসবের একটাই মন্ত্র ‘বাংলার মাটিতে বিশ্বের ছবি’।
এ বছর কলকাতা চলচ্চিত্র উৎসব পা দিচ্ছে ৩০ বছরে। এ কারণে অন্যবারের তুলনায় আরও জাঁকজমক হবে। সিনেমার প্রদর্শনেও তাই অভিনবত্ব রাখা হচ্ছে। এবারের উৎসবের থিম সং-এর ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং গানের কথা লিখেছেন ও গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। গত বছর থিম সংয়ের শিল্পী ছিলেন অরিজিৎ সিং। ৪ ডিসেম্বর জাঁকজমক অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠান হবে ধনধান্য প্রেক্ষাগৃহে। উদ্বোধনী সিনেমা হিসেবে দেখানো হবে নির্মাতা তপন সিনহার ‘গল্প হলেও সত্যি’।
-B