ঢাকাঃ অমর একুশে বইমেলার এবারের আয়োজনে কোনো প্যাভিলিয়ন থাকবে না বলে জানিয়েছে বাংলা একাডেমি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রকাশক প্রতিনিধি এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) নেতৃবৃন্দদের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়।
বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত রবিবার (২২ ফেব্রুয়ারি ) রাতে ওই সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং সচিব ড. মো. সেলিম রেজা।
সভায় সিদ্ধান্ত হয়, একুশে বইমেলা ২০২৬-এ কোনো প্যাভিলিয়ন থাকবে না। প্যাভিলিয়নপ্রাপ্ত প্রকাশকরা এরই মধ্যে নিজ নিজ প্যাভিলিয়ন সরিয়ে নিতে সম্মত হয়েছেন।
১৯ ফেব্রুয়ারি যেসব প্রকাশক স্টলের জন্য আবেদন করেছেন, তাদের স্টল-বিন্যাসের লটারি গতকাল রাত ১০টায় অনুষ্ঠিত হয়। প্রকাশকরা আজ থেকে স্টল নির্মাণের কাজ শুরু করবেন।
আগামী ২৬ ফেব্রুয়ারি বেলা ২টায় বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বাংলা একাডেমির সচিব ও অমর একুশে বইমেলা-২০২৬ এর পরিচালনা কমিটির সদস্য সচিব ড. মো. সেলিম রেজা বলেন, ‘আগামী ২৬ ফেব্রুয়ারি একযোগে অনুষ্ঠিত হবে অমর একুশে বইমেলার উদ্বোধন ও একুশে পদক প্রদান অনুষ্ঠান।
প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে একুশে পদক দেবেন এবং বিকালে বাংলা একাডেমি প্রাঙ্গণে বইমেলার উদ্বোধন ঘোষণা করবেন।
অনুষ্ঠান দুটি ঘিরে এরইমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করেছে সরকার।
-B