ঢাকাঃ আগামী ১ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ উপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে ওমান।
করোনার সংক্রমণ বৃদ্ধির কারণে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের চার মাস পর বাংলাদেশসহ ১৮টি দেশের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে ওমান, ২৩শে আগস্ট জানালো দেশটির মেডিকেল রেসপন্স, পাবলিক হেলথ সেক্টর এবং রয়েল ওমান পুলিশের সমন্বয়ে গঠিত করোনা প্রতিরোধ সংক্রান্ত সুপ্রিম কমিটির নির্দেশে ওমান সিভিল এভিয়েশন অথরিটি ।
তবে, ওমানে ভ্রমণকারী যাত্রীদের অবশ্যই নিজ দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত করোনা ভ্যাকসিনের উভয় ডোজ নিতে হবে এবং কিউআর কোডসহ ভ্যাকসিন সনদ বহন করতে হবে।
দ্বিতীয় ডোজ গ্রহণ ভ্রমণের ১৪ দিনের কম সময়ের মধ্যে নিলে চলবে না।
ওমান সিভিল এভিয়েশন অথরিটি একটি বিজ্ঞপ্তিতে আরও বলে, ওমানের নাগরিক, প্রবাসী, ওমান ভিসাধারী, ওমান ভ্রমণের জন্য ভিসার প্রয়োজন নেই এবং যারা প্রবেশের পর ভিসা পেতে পারেন – তারা প্রাক-কোভিড-১৯ পদ্ধতি অনুসরণ করে দেশটিতে প্রবেশ করতে পারবেন।
তবে, ১৮ বছরের কম বয়সীদের ওমান ভ্রমণের সময় পিসিআর সনদ এবং ভ্যাকসিনের প্রমাণ উপস্থাপন করার প্রয়োজন নেই।
বাংলাদেশ, ভারত ও পাকিস্তানসহ এই ১৮টি দেশ থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার দেশগুলোতে চার মাস যাবত আটকে পড়া শত শত প্রবাসীর জন্য একটি স্বস্তির খবর।