বাগেরহাট: সুন্দরবনের করমজল পর্যটন কেন্দ্র নিষেধাজ্ঞার আওতার বাইরে রেখে পর্যটক প্রবেশের অনুমতির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার (১৫ জুন) সকালে বাগেরহাটের মোংলার ফেরিঘাট এলাকায় সুন্দরবন ট্যুর অপারেটর, মোংলা বন্দর ডেনিস বডি মালিক সমবায় সমিতি ও মাঝিমাল্লা ইউনিয়নসহ কয়েকটি সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, করমজল একটি ডে ভিজিটর সেন্টার হওয়ায় সেখানে রাত্রিযাপন সম্ভব নয় এবং নির্দিষ্ট সীমার মধ্যে ঘোরাঘুরি করা হয়, ফলে বন্যপ্রাণীর প্রজননে কোনো ব্যাঘাত ঘটে না। নিষেধাজ্ঞার ফলে স্থানীয় মাঝিমাল্লা, পর্যটন ব্যবসায়ী ও ক্ষুদ্র উদ্যোক্তারা কর্মহীন হয়ে পড়েছেন।
তারা করমজলকে নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ভাতা, বিনাসুদে ঋণ এবং টেকসই পর্যটন বিকাশে সরকারি সহায়তার দাবি জানান।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
-B