ঢাকাঃ লিগ্যালাইজেশন প্রোগ্রামের আওতায় মালদ্বীপে অবস্থানরত অবৈধ প্রবাসীরা বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন। আগামী ২ এপ্রিল পর্যন্ত এই সুযোগ পাবেন প্রবাসীরা।
রবিবার (১১ জানুয়ারি) মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশন এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
বার্তায় উল্লেখ করা হয়, ১ জানুয়ারি থেকে ২ এপ্রিল পর্যন্ত লিগ্যালাইজেশন প্রোগ্রামের আওতায় মালদ্বীপে অবস্থানরত অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার সুযোগ চালু থাকবে। বৈধ হতে হলে ৮টি শর্ত মানতে হবে।
শর্তগুলো হলো-
১) আনডকুমেন্টেড কর্মী, যার বৈধ ওয়ার্ক পারমিট নেই।
২) আনডকুমেন্টেড কর্মী, যিনি কোনো অপরাধের কারণে ব্ল্যাকলিস্টেড নন।
৩) আনডকুমেন্টেড কর্মী, যিনি বর্তমানে মালদ্বীপে অবস্থানরত।
৪) যে কোম্পানি বা নিয়োগকর্তার অধীনে পূর্বে আপনার ওয়ার্ক পারমিট ছিল, সেখানে বৈধ হওয়ার সুযোগ নেই।
৫) এই সুবিধার আওতায় একবারই বৈধ হওয়ার সুযোগ পাওয়া যাবে।
৬) ৩১ ডিসেম্বরের পূর্বে যারা মিসিং রিপোর্ট হয়েছেন, তারা বৈধ হওয়ার সুযোগ পাবেন।
৭) বর্তমান নিয়োগকর্তা বা কোম্পানিকে এক্সপ্যাট সিস্টেমের মাধ্যমে আপনাকে বৈধ করার জন্য মন্ত্রণালয়ে আবেদন দাখিল করতে হবে। নিয়োগকর্তাদের জন্য শিগগিরই এ বিষয়ে মন্ত্রণালয় থেকে একটি ইউজার গাইডলাইন প্রকাশ করা হবে।
৮) আনডকুমেন্টেড কর্মী যারা অপারেশন কুরাঙ্গীর আওতায় বায়োমেট্রিক তথ্য প্রদান করেছেন এবং বর্তমানে কোনো নিয়োগকর্তা বা কোম্পানি নেই, তারা কাজের মাধ্যমে বৈধ হওয়ার জন্য হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মিনিস্ট্রির ফরম পূরণ করতে পারবেন।
মন্ত্রণালয় পরবর্তীতে বিভিন্ন নিয়োগকর্তা বা কোম্পানির কাছে, যাদের লোকবল প্রয়োজন, জব ম্যাচিং বা কাজের জন্য আবেদনকারীর তথ্য সরবরাহ করবে।
-B