ঢাকাঃ ২১০ জন হজযাত্রীকে বহনকারী মৌরিতানিয়ার একটি উড়োজাহাজ লোহিত সাগরের উপকূলে বিধ্বস্ত হয়েছে—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন গুজব ছড়িয়ে পড়ায় মঙ্গলবার (২৭ মে) ব্যাপক উদ্বেগের সৃষ্টি হয়। তবে এই তথ্যকে পুরোপুরি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে মৌরিতানিয়ান এয়ারলাইন্স।
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, “আমাদের কোনো ফ্লাইট দুর্ঘটনায় পড়েনি। সমস্ত হজযাত্রী সৌদি আরবে নিরাপদে পৌঁছেছেন।”
এয়ারলাইন্স কর্তৃপক্ষ আরও আহ্বান জানিয়েছে, যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য সামাজিক মাধ্যমে শেয়ার না করতে এবং বিভ্রান্তিকর খবরে আতঙ্কিত না হতে।
ঘটনার পর থেকে উড়োজাহাজ সংস্থার পক্ষ থেকে যোগাযোগ রক্ষা ও প্রকৃত তথ্য জানাতে সক্রিয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানানো হয়।
বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া খবরে দাবি করা হয়েছিল, মৌরতানিয়া থেকে সৌদিগামী হজযাত্রী বহনকারী একটি উড়োজাহাজ লোহিত সাগরের উপকূলে বিধ্বস্ত হয়েছে।
প্রাথমিক রিপোর্টে দাবি করা হয়, হজ পালনের উদ্দেশ্যে পবিত্র ভূমির দিকে যাওয়ার সময় উড়োজাহাজটির সঙ্গে রহস্যজনকভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
তবে, এই অভিযোগ অস্বীকার করে এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, আল্লাহর রহমতে সব হজযাত্রী নিরাপদে ও সুরক্ষিতভাবে সৌদি আরবে পৌঁছেছেন। হজ মৌসুমের জন্য নির্ধারিত কোনো ফ্লাইটেই কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।
তারা গণমাধ্যমকে নির্ভুল তথ্য প্রচার করা এবং ভুয়া খবর ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে গুজব ছড়ানোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা বলেছে প্রতিষ্ঠানটি।
আরেকটি গণমাধ্যম জানিয়েছে, মৌরতানিয়ান হজযাত্রীবাহী উড়োজাহাজ সংক্রান্ত প্রচারিত খবরটি ভিত্তিহীন ও মিথ্যা। সরকারি সূত্র জানিয়েছে, লোহিত সাগরের উপকূলে উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবরটি ভুল এবং প্রচারিত ভিডিওটি ভুয়া।
এদিকে ছড়িয়ে পড়া এক ভিডিওতে শোনা যায়, উড়োজাহাজের ভেতর থেকে আতঙ্কিত যাত্রীরা চিৎকার করছেন এবং উড়োজাহাজটি নিচে পড়ার সময় আল্লাহু আকবার ধ্বনি শোনা যাচ্ছে। তবে, সেই ভিডিওটিও ভুয়া বলে প্রমাণিত হয়েছে।
-B