উড্ডয়নের পর খুলে পড়লো বিমানের চাকা

-মনিটর রিপোর্ট Date: 17 May, 2025
উড্ডয়নের পর খুলে পড়লো বিমানের চাকা

ঢাকাঃ কক্সবাজার বিমানবন্দর থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের চাকা খুলে নিচে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

বিমানটিতে শিশুসহ মোট ৭‌১ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। তবে ফ্লাইটটি ঢাকায় নিরাপদে অবতরণ করেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ‘কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে থেকে বিমানের বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইটটি আকাশে ওড়ার পরই পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। তবে ফ্লাইটটি ঢাকায় নিরাপদে অবতরণ করেছে।  একটি চাকা ছাড়াই রানওয়েও অবতরণের সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। যাত্রী ও উড়োজাহাজ নিরাপদ আছেন। 

তিনি আরও বলেন, ‘আমাদের ইঞ্জিনিয়ারিং টিম হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের পাশে অবস্থান করছে। কেন এমনটি ঘটেছে তা খতিয়ে দেখা হবে।’

এর আগে বিমানের ফ্লাইট সেফটি বিভাগ জানায়, পেছনের একটি চাকা ছাড়াই উড়োজাহাজ ল‍্যান্ড করানো সম্ভব। এক্ষেত্রে পাইলটের দক্ষতা গুরুত্বপূর্ণ ।

-B

Share this post



Also on Bangladesh Monitor