আবুধাবি : পর্যটন খাত সম্প্রসারণের উদ্যোগ হিসেবে ২০২৭ সালের মধ্যে হোটেল কক্ষ দ্বিগুণের পরিকল্পনা করেছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) অন্যতম অঞ্চল রাস আল খাইমা (আরএকে) কর্তৃপক্ষ। এছাড়া ৫ হাজার ৬০০টি ব্র্যান্ডেড রেসিডেন্সি চালু হবে।
খাতসংশ্লিষ্ট স্টারলিং হসপিটালিটি অ্যাডভাইজারসের ‘আরএকে ইনভেস্টমেন্ট পালস রিপোর্ট’ অনুসারে, রাস আল খাইমায় বর্তমানে ৭ হাজার ১৪৪টি হোটেল কক্ষ রয়েছে। এর সঙ্গে ২০২৭ সালে আরো ৭ হাজার ৫৩৭টি যুক্ত হবে। এতে অঞ্চলটিতে মোট হোটেল কক্ষ ১৪ হাজার ৬০০ ছাড়িয়ে যাবে।
সাম্প্রতিক গবেষণায় দেখা যাচ্ছে, আরএকে অঞ্চলে পর্যটন খাতের বিকাশের সঙ্গে দর্শনার্থী উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ উপলক্ষে একাধিক হোটেল ও ব্র্যান্ডেড রেসিডেন্সিতে বড় অংকে বিনিয়োগ হচ্ছে। পাইপলাইনে থাকা ৭১ শতাংশ হোটেল পাঁচ তারকা মানের, যা রাস আল খাইমাকে আরব আমিরাতের আতিথেয়তা শিল্পে প্রিমিয়াম গন্তব্য হিসেবে তুলে ধরছে।
শিগগিরই এখানে ১৫টি আন্তর্জাতিক হোটেল অপারেটর কাজ শুরু করতে যাচ্ছে, যাদের কার্যক্রমে বিলাসবহুল থেকে মাঝারি আকারের পরিষেবা অন্তর্ভুক্ত। এখানে নতুন আসা হোটেল ব্র্যান্ডের মধ্যে রয়েছে উইন, মিলেনিয়াম, রেডিসন রেড, উশুয়া ও রোভ আল মারজান।
স্টারলিং হসপিটালিটি অ্যাডভাইজারসের ব্যবস্থাপনা পরিচালক টাটিয়ানা ভেলার জানান, রাস আল খাইমার আতিথেয়তা খাত চমৎকার রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে। শক্তিশালী সরকারি সমর্থন, উচ্চাকাঙ্ক্ষী উন্নয়ন পরিকল্পনা এবং বৈশ্বিক হোটেল ব্র্যান্ড ও বিনিয়োগকারীদের আগমনে প্রবৃদ্ধির নতুন ধারা তৈরি হচ্ছে।
এখানে বর্তমানে কোনো কার্যকর ব্র্যান্ডেড রেসিডেন্সি নেই, তবে ১৬টি প্রকল্প বিকাশের পর্যায়ে রয়েছে, যা ২০২৯ সালের মধ্যে আনুমানিক ৫ হাজার ৬০০টি ইউনিট চালু করবে।
এক সময় জ্বালানি তেলনির্ভর অর্থনীতি হিসেবে পরিচিতি পেলেও সাম্প্রতিক দশকে বৈচিত্র্যময় অর্থনৈতিক লক্ষ্য নির্ধারণ করেছে ইউএই। এর অংশ হিসেবে দেশটিতে পর্যটন ও অবসর-বিনোদন খাতের সম্প্রসারণ ঘটছে।
-B