সাগর উত্তাল, বাধা মানছেন না পর্যটক

জাফর আলম Date: 29 May, 2025
সাগর উত্তাল, বাধা মানছেন না পর্যটক

কক্সবাজার: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পর্যটন নগরী কক্সবাজারে সাগর উত্তাল হয়ে উঠেছে। জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে ৩-৪ ফুট বৃদ্ধি পেয়ে কূলে আঘাত হানছে। 

এদিকে বৈরী আবহাওয়ায় উত্তাল সমুদ্র উপভোগ করছেন কক্সবাজারে আগত পর্যটকরা। সমুদ্র পাড়ে জড়ো হয়েছেন অনেকে। কেউ কেউ উত্তাল সমুদ্রেই গোসলে নেমেছেন।

কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তায় কাজ করা সি সেইফ লাইফ গার্ডের সিনিয়র ইনর্চাজ জয়নাল আবেদীন ভুট্টু বলেন, নিম্নচাপের প্রভাবে কক্সবাজার সমুদ্র উপকূল উত্তাল হয়ে  উঠেছে। জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে ৩-৪ ফুট বৃদ্ধি পেয়ে কূলে আঘাত হানছে। এই পরিস্থিতিতে পর্যটকদের সাগরে গোসলে না নামতে নিষেধ করলেও অনেকেই মানছেন না।   

পর্যটক রিতা আহমেদ বলেন, বুধবার (২৮ মে) থেকে কক্সবাজারে বৃষ্টি হচ্ছে। এতে আমরা এক প্রকার ঘরবন্দি হয়ে পড়ি। আজ রাতে চলে যাব। তাই একটু গোসল করতে আসছি। এই মুহূর্তে সাগর উপভোগ করতে খুব ভালো লাগছে। 

আরেক পর্যটক হাসান বলেন, উত্তাল সাগর দেখতে ভালো লাগে। তাই উত্তাল সাগর দেখতে স্ত্রীকে নিয়ে সাগর পাড়ে আসা।

জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিজ ইনতেসার নাফি বলেন, বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজার সমুদ্র সৈকত উত্তাল। তাই পর্যটকদের সতর্কতা অবলম্বন করতে বলা হচ্ছে। অনেক পর্যটক এটি মানছেন না। তারপরও আমরা কাজ করে যাচ্ছি। 

এদিকে, বৃহস্পতিবারও (২৯ মে) সকাল থেকে কক্সবাজার শহরে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কক্সবাজার উপকূলকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

-B

Share this post



Also on Bangladesh Monitor