এসএবিসিসিআই বিজনেস সামিট শুরু আগামীকাল

-মনিটর রিপোর্ট Date: 06 October, 2025
এসএবিসিসিআই বিজনেস সামিট শুরু আগামীকাল

ঢাকাঃ বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে যাত্রা শুরু করছে সৌদি-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এসএবিসিসিআই)। 

আগামী মঙ্গলবার (৭ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে এ চেম্বারের যাত্রা শুরু হবে।

এ উপলক্ষে ৬ থেকে ৮ অক্টোবর পর্যন্ত ঢাকায় ৩ দিনব্যাপী অনুষ্ঠান ও ব্যবসা সম্মেলনের আয়োজন করা হয়েছে।

রবিবার (৫ অক্টোবর)রাজধানীর গুলশানে সিটি ব্যাংক সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নবগঠিত এসএবিসিসিআই সভাপতি আশরাফুল হক চৌধুরী।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সৌদি-বাংলাদেশ চেম্বারের সহসভাপতি আহমেদ ইউসুফ ওয়ালিদ, পরিচালক উজমা চৌধুরী ও মেসবাউল আসিফ সিদ্দিকী।

লিখিত বক্তব্যে আশরাফুল হক বলেন, ‘দেশের ব্যবসায়ী মহল দীর্ঘদিন ধরেই সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে কার্যকর প্ল্যাটফর্ম গঠনের প্রয়োজনীয়তা অনুভব করছিলেন। এবার আমরা সেই স্বপ্ন বাস্তবায়নের পথে।’

বাংলাদেশ বেশ কিছু খাতে সৌদি আরবে ব্যবসা বাড়াতে পারে বলে মন্তব্য করে এসএবিসিসিআই সভাপতি বলেন, বর্তমানে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় ২ বিলিয়ন বা ২০০ কোটি ডলার। 

সৌদি আরবে টেক্সটাইল, তৈরি পোশাক, তথ্যপ্রযুক্তি, ডিজিটাল ফাইন্যান্স, কৃষিপণ্য, পাটজাত পরিবেশবান্ধব পণ্য ও দক্ষ জনশক্তি রপ্তানির ক্ষেত্রে বিশাল সম্ভাবনা আছে। বর্তমানে সৌদি আরবে ৩০ লাখের বেশি বাংলাদেশি কর্মরত আছেন। 

আশরাফুল হক আরও বলেন, পেট্রোকেমিক্যাল, ক্রুড অয়েল রিফাইনারি, ইস্পাত, খাদ্যশিল্প, কৃষি রাসায়নিক, সার, টেক্সটাইল, বন্দর ব্যবস্থাপনা, পরিবেশবান্ধব প্রযুক্তি ও সাইবার সিকিউরিটিসহ নানা খাতে যৌথ বিনিয়োগের সুযোগ আছে। চট্টগ্রামের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সৌদি বিনিয়োগকারীদের জন্য বরাদ্দ করা শিল্পভূমি বড় সম্ভাবনা তৈরি করবে।

৩ দিনের অনুষ্ঠানে যা হবে

সংবাদ সম্মেলনে এসএবিসিসিআই সভাপতি আশরাফুল হক বলেন, অনুষ্ঠান উপলক্ষে আগামীকাল সোমবার সৌদি আরবের ব্যবসায়ী ও নীতিনির্ধারকদের ২০ সদস্যের প্রতিনিধিদল ঢাকায় পৌঁছাবে। দলের নেতৃত্ব দেবেন সৌদি আরবের মাজদ আল উমরান গ্রুপের মালিক শেখ ওমর আবদুল হাফিজ আমির বকশ। 

প্রতিনিধিদলে থাকবেন আল ইসায়ি গ্রুপের পরিচালক নাজি আবদুল্লাহ, বাদশাহ আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আইটি উদ্যোক্তা মোহাম্মদ আসিফ সালাম, আল তৈয়বা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও স্বাস্থ্য খাত বিশেষজ্ঞ খালিদ আল হারবি।

প্রথম দিন সন্ধ্যায় এসএবিসিসিআই সৌদি প্রতিনিধিদলের সম্মানে এক অভ্যর্থনামূলক নৈশভোজের আয়োজন করবে।

সম্মেলনের মূল অনুষ্ঠান ৭ অক্টোবর সকাল ১০টায় ঢাকার বনানীর হোটেল শেরাটনে শুরু হবে ‘সৌদি-বাংলাদেশ বিজনেস সামিট’। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ও বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের উপস্থিত থাকার কথা। সভায় সভাপতিত্ব করার কথা সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর।

দিনব্যাপী আয়োজনে বিভিন্ন অধিবেশন, প্রবন্ধ উপস্থাপন, বাংলাদেশি পণ্য প্রদর্শন ও দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে সৌদি-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও বিশেষ অতিথি হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত থাকার কথা।

বুধবার (৮ অক্টোবর)রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি প্রতিনিধিদলের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করবেন পররাষ্ট্রসচিব। 

বিকেলে সোনারগাঁও হোটেলে ৩ দিনের সম্মেলনের সমাপনী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

-B
 

Share this post



Also on Bangladesh Monitor