কক্সবাজারঃ নিম্নচাপের প্রভাবে সমুদ্রের ঢেউয়ের আঘাতে প্রায় লন্ডভন্ড হয়ে গেছে পর্যটন দ্বীপ সেন্ট মার্টিনের বিভিন্ন অংশ।
জোয়ারের আঘাতে ১২টি হোটেল-রিসোর্ট ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে টানা ৪ দিন বন্ধ থাকার পর আবারও নৌযান চলাচল শুরু হয়েছে কক্সবাজারের টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে।
নৌ চলাচল শুরু হওয়ার বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, খাদ্য ও আটকে পড়া লোকজন নিয়ে দুটি ট্রলার গতকাল সেন্ট মার্টিন গেছে।
টেকনাফ-সেন্ট মার্টিন সার্ভিস ট্রলার মালিক সমিতির সভাপতি রশিদ আহমদ বলেন, নিম্নচাপ ও অমাবস্যার কারণে সাগর উত্তাল ছিল। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত কোনো নৌযান টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে চলাচল করেনি।
সেন্ট মার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্ত হোটেলগুলো হলো- হোটেল অবকাশ পর্যটন, নোনাজল বিচ রিসোর্ট, আটলান্টিক রিসোর্ট, বিচ ক্যাম্প রিসোর্ট, নিল হাওয়া বিচ রিসোর্ট, শান্তি নিকেতন বিচ রিসোর্ট, মেরিন বিচ রিসোর্ট, পাখি বাবা রিসোর্ট, সি-ভিউ রিসোর্ট, ড্রিমার্স প্যারাডাইস রিসোর্ট, সানডে বিচ রিসোর্ট ও প্রবাল রিসোর্ট।
-B