পর্যটকে মুখর সাজেক

জাফর আলম Date: 21 December, 2024
পর্যটকে মুখর সাজেক

রাঙামাটি: দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য মেঘের রাজ্য খ্যাত সাজেক ভ্যালি সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (২০ ডিসেম্বর) এবং আজ শনিবার (২১ ডিসেম্বর) পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। 

পর্যটকদের ভিড় বাড়ায়, চাপ বাড়ছে রিসোর্ট কটেজগুলোতে। সে সঙ্গে বেড়েছে রিসোর্ট কটেজগুলোতে আগাম কক্ষ বুকিং। সাজেক কটেজ মালিক সমিতি সূত্র জানিয়েছে, সাজেকে বর্তমানে ১৩৫টির মতো রিসোর্ট কটেজ রয়েছে। সব রিসোর্ট কটেজে আগাম কক্ষ বুকিং চলছে।

কটেজ মালিক সমিতি অব সাজেকের সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা বলেন, সপ্তাহ জুড়ে সাজেক পর্যটকে ভরপুর। সাজেকের সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা ভিড় করছেন। আগামী ডিসেম্বর মাস জুড়ে সাজেকের সব হোটেল, কটেজ ও রিসোর্ট বুকিং রয়েছে।

শান্ত পরিবেশ, মনোরম প্রকৃতি আর পাহাড়ি সৌন্দর্যের টানে সাজেক ভ্যালি দিন দিন পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় হয়ে উঠছে বলেও তিনি বলেন।

সাজেক জিপ সমিতির লাইনম্যান ইয়াছিন আরাফাত জানিয়েছেন, শুক্রবার সারাদিন সাজেকে দুই শতাধিক জিপ ও মাহেন্দ্র গাড়ি প্রবেশ করেছে। এছাড়া অর্ধশতাধিক মোটর সাইকেলও রয়েছে।

এদিকে রাঙামাটি জেলা সদরের বিভিন্ন স্পটগুলোতেও পর্যটকের ভিড় লক্ষ্য করা গেছে। ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক, আরণ্যকসহ বিভিন্ন স্পটগুলো পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। এছাড়া কাপ্তাই হ্রদের স্বচ্ছ নীল জলরাশি ও পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পর্যটকরা সুবলংয়ের উদ্দেশে নৌবিহারও করেছে।

পর্যটন কমপ্লেক্সের রাঙামাটি জেলার ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, আশানুরূপ পর্যটক এসেছে রাঙামাটিতে। সাপ্তাহিক ছুটির প্রথম দিন (শুক্রবার) ঝুলন্ত সেতুতে তিন হাজার পর্যটক এসেছে। এছাড়া মোটেলের ৮০ ভাগ বুকিং আছে। এই মাসে প্রতিদিনই ভালো পর্যটক আসছে।

-B

Share this post



Also on Bangladesh Monitor