ঢাকাঃ ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে সৌদি নাগরিকরা শিগগির ভিসামুক্ত প্রবেশাধিকার পেতে চলেছে। এর ফলে তারা শেনজেন এলাকার মধ্যে অবাধে ভ্রমণ করতে পারবেন।
শেনজেন এলাকা ইইউর ২৭টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। সৌদি আরবে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত ক্রিস্টোফ ফার্নাউড এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সৌদি নাগরিকদের স্বল্পমেয়াদি ভিসার প্রয়োজনীয়তা থেকে সম্পূর্ণরূপে মুক্তি দেয়ার জন্য কাজ চলছে। এরই অংশ হিসেবে সাম্প্রতিক কিছু পরিবর্তন সৌদি আরব এবং ইইউর মধ্যে ভ্রমণ সহজ করার ক্ষেত্রে একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
রাষ্ট্রদূত ফার্নাউড বলেন, ‘প্রায় এক বছর আগে, বিশেষ করে ২০২৪ সালের এপ্রিলে ইউরোপীয় কমিশন সৌদি নাগরিকদের এবং বাহরাইন, কুয়েত, কাতার ও ওমানের নাগরিকদের পাঁচ বছর পর্যন্ত স্বল্প-সময়ের জন্য বহু-প্রবেশ ভিসা পেতে সক্ষম করে নতুন নিয়ম গ্রহণ করেছে।’
তিনি আরো বলেন, এই পরিবর্তনগুলো কেবলমাত্র সুবিধা প্রদানে সীমাবদ্ধ নয়। বরং এটি জনগণের সাথে জনগণের সম্পর্ক জোরদার করার একটি অর্থবহ পদক্ষেপ। একইসাথে সৌদি আরব এবং ইউরোপের মধ্যে নিয়মিত বিনিময়কে উৎসাহিত করাও এর উদ্দেশ্য।
রাষ্ট্রদূত সৌদি আরবের আন্তর্জাতিক পর্যটনের প্রতি ক্রমবর্ধমান উন্মুক্ততার বিষয়টিও তুলে ধরেন। তিনি বলেন, এই রূপান্তরকে সমর্থন করার ক্ষেত্রে ইউরোপ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বৃহত্তর পারস্পরিক বোঝাপড়া এবং বিশ্ব সম্প্রদায়ের মধ্যে একটি ভাগাভাগি অনুভূতি গঠনে বর্ধিত পর্যটন বিনিময় এবং সহজতর ভ্রমণব্যবস্থার গুরুত্বের ওপরও জোর দেন।
এই নতুন ভিসা নীতির মাধ্যমে সৌদি নাগরিকরা একটি একক ভিসায় পাঁচ বছরের মধ্যে একাধিকবার ইউরোপ ভ্রমণ করতে পারবেন। এর ফলে অ্যাক্সেসযোগ্যতা, সাংস্কৃতিক সংলাপ এবং কৌশলগত অংশীদারিত্বের একটি নতুন যুগের সূচনা হবে।
২০২৪ সালের এপ্রিলে, ইউরোপীয় ইউনিয়ন সৌদি আরবসহ উপসাগরীয় সহযোগিতা কাউন্সিলের (জিসিসি) অন্যান্য রাষ্ট্র—বাহরাইন, কুয়েত, কাতার ও ওমান—এর নাগরিকদের জন্য পাঁচ বছরের বৈধ মাল্টিপল-এন্ট্রি ভিসা দেয়ার সিদ্ধান্ত ঘোষণা করে। জিসিসি দেশগুলোর নাগরিকদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা প্রদানের নিয়ম একীভূত করতে ইউরোপীয় কমিশন এই যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করে। এর ফলে সৌদি নাগরিকরা একই ভিসায় পাঁচ বছরের মধ্যে একাধিকবার ইইউ ভ্রমণ করতে পারবেন।
-B