বিমানবন্দরসহ সারা দেশে নিরাপত্তা জোরদার

-মনিটর রিপোর্ট Date: 28 April, 2026
বিমানবন্দরসহ সারা দেশে নিরাপত্তা জোরদার

ঢাকাঃ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় উগ্রবাদী হামলার সতর্কতা জারির প্রেক্ষাপটে জাতীয় সংসদ ভবনের পর এবার সব বিমানবন্দর, কারাগারসহ সারা দেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রাজধানীসহ বিভাগীয় শহরগুলোতে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। পাশাপাশি এ ধরনের হামলার পরিকল্পনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার কাজও শুরু হয়েছে।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিমানবন্দর ও কারা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সারা দেশে নিরাপত্তা জোরদারের তথ্য জানা যায়।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, উগ্রবাদী চক্রটি জনাকীর্ণ এলাকা ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে টার্গেট করে হামলার পরিকল্পনা করছে। বিশেষ করে উচ্চঝুঁকিতে রয়েছে জাতীয় সংসদ ভবন ও সচিবালয় এলাকা; আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা ও পুলিশ সদস্য; ধর্মীয় উপাসনালয় এবং জনবহুল বিনোদন কেন্দ্র; শাহবাগসহ রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলো।

উগ্রবাদীরা কেবল বোমা বিস্ফোরণই নয়, বরং দেশীয় ধারালো অস্ত্র বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করে অতর্কিত হামলার পরিকল্পনা করছে। এমনকি বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলা চালানোর মতো দুঃসাহসিক ছকও তাদের থাকতে পারে।

পরিস্থিতি পর্যালোচনার পর পুলিশ সদর দপ্তর থেকে দেশের সব রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন কমিশনার ও জেলা পুলিশ সুপারদের কাছে বিশেষ বার্তা পাঠানো হয়েছে। 

চিঠিতে যে পদক্ষেপগুলোর ওপর জোর দেয়া হয়েছে তাতে গুরুত্বপূর্ণ স্থাপনা ও কেপিআই এলাকাগুলোয় অতিরিক্ত পুলিশ মোতায়েন; সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধির ওপর কঠোর গোয়েন্দা নজরদারি রাখা; দেশের বিভিন্ন প্রবেশপথ এবং সন্দেহভাজন আস্তানাগুলোয় সাঁড়াশি অভিযান পরিচালনা করা।

এ বিষয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, সম্ভাব্য নাশকতা প্রতিরোধের জন্য তারা শতভাগ প্রস্তুত। সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং ডিজিটাল প্লাটফর্মে উগ্রবাদীদের প্রচারণার ওপর সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে এ চক্রের বাকি সদস্যদের চিহ্নিত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশে বর্তমানে ৩টি আন্তর্জাতিক (ঢাকা, চট্টগ্রাম ও সিলেট) এবং ৫টি অভ্যন্তরীণসহ মোট ৮টি বিমানবন্দর চালু রয়েছে। সাধারণত এসব বিমানবন্দরে বেবিচকের নিজস্ব এভিয়েশন সিকিউরিটির (এভসেক) পাশাপাশি আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং অন্যান্য গোয়েন্দা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকে।

দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক। 

তিনি সোমবার (২৭ এপ্রিল)বেবিচক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বলেন, ‘পুলিশ সদর দপ্তরের চিঠির পর দেশের ৮টি বিমানবন্দরে নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিমানবন্দরগুলো সবসময়ই নিরাপত্তা বলয়ে থাকে। এর পরও পুলিশ সদর দপ্তরের চিঠি পাওয়ার পর তা আরো বাড়ানো হয়েছে। এটি নিয়মিত কাজের অংশ।’
-B

Share this post



Also on Bangladesh Monitor