২৫ সেপ্টেম্বর থেকে ঢাকা বিমানবন্দরের করা যাবে কোভিড পরীক্ষা

- মনিটর অনলাইন রিপোর্ট Date: 23 September, 2021
২৫ সেপ্টেম্বর থেকে ঢাকা বিমানবন্দরের করা যাবে কোভিড পরীক্ষা

ঢাকাঃ বিদেশগামী যাত্রীদের জন্য ২৫ সেপ্টেম্বর থেকে ঢাকা বিমানবন্দরের পিসিআর ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা শুরু হবে।

২৩ সেপ্টেম্বর বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাব স্থাপনের কাজ সরেজমিনে পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক এ কথা বলেন।

জাহেদ মালেক বলেন, ‘‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি-পিসিআর ল্যাব বসানোর কাজ অতি দ্রুততম সময়ে করবার জন্য আমি নিজে গত পরশু দিন এসে এখানে জায়গা নির্ধারণ করে দিয়ে গেছি। আশা করছি আজ সন্ধ্যার মধ্যেই অবকাঠামো নির্মাণকাজ শেষ করা সম্ভব হবে।“

তিনি আরও বলেন, “ইতোমধ্যে বেশ কয়েকটি মেশিন চলে এসেছে। এ নিয়ে স্বাস্থ্যখাতের সংশ্লিষ্ট সব কর্মকর্তারাই অক্লান্ত পরিশ্রম করছেন।“

“সব ঠিক থাকলে আগামী পরশু, শনিবারের মধ্যেই বিদেশগামী দেশের মানুষজন এই পিসিআর ল্যাবগুলো থেকে পরীক্ষা করে নির্বিঘ্নে বিদেশ যেতে পারবেন।“

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘‘এখানে মোট ৬টি ল্যাবের মাধ্যমে ১২টি মেশিন বসানো হবে। এই ল্যাবগুলোর মাধ্যমে প্রতিদিন অন্তত সাড়ে তিন হাজার থেকে চার হাজার মানুষ পরীক্ষা করতে পারবেন। এখানে দ্রুততম সময়ে পরীক্ষার জন্য র‌্যাপিড পিসিআর ল্যাব এবং সাধারণ পরীক্ষার জন্য আরটি-পিসিআর ল্যাব উভয়ই কাজ করবে।’’

স্বাস্থ্যমন্ত্রীর ব্রিফিংয়ের সময়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার খুরশীদ আলম, বাংলাদেশ প্রাইভেট মেডিকে কলেজ অ্যাসোসিয়েশনের মহাসচিব আনোয়ার হোসেন খান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক তৌহিদ উল আহসানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

Share this post



Also on Bangladesh Monitor