শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল

-মনিটর রিপোর্ট Date: 01 March, 2026
শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল

চট্টগ্রাম : মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে ১০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর।

রবিবার (১ মার্চ) বিমানবন্দরটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহ আমানত বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যগামী ও মধ্যপ্রাচ্য থেকে আগমনী সব আন্তর্জাতিক ফ্লাইট (এরাইভাল ফ্লাইট সাতটি এবং ডিপার্চার ফ্লাইট তিনটি) বাতিল ঘোষণা করা হয়েছে। ফ্লাইটগুলো আজ (১ মার্চ) দিনের বিভিন্ন সময়ে যাত্রী পরিবহণের কথা ছিল।

এদিকে, ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইলের পালটাপালটি হামলায় বন্ধ রয়েছে মধ্যপ্রাচ্যের আকাশসীমা। বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত ঘোষণা করেছে সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো। এতে হাজারো যাত্রী আটকা পড়েছেন ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

অনিশ্চয়তায় অনেক যাত্রী ফিরে যাচ্ছেন বিমানবন্দর থেকে। আবার যাদের ফ্লাইট গভীর রাতে, তাদের বিমানবন্দরে যেতে নিষেধ করছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ। এই অচলাবস্থা কবে কাটবে তা নিয়ে মিলছে না স্পষ্ট কোনো তথ্য।

শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, প্রতিদিন এখান থেকে দেড় শতাধিক ফ্লাইট ওঠানামা করে। এর অধিকাংশের চলাচল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে।

-B

Share this post



Also on Bangladesh Monitor