ঢাকাঃ মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন গুরুতর অসুস্থ এক বাংলাদেশি প্রবাসী শ্রমিকের উন্নত চিকিৎসার জন্য দেশে ফেরাতে উড়োজাহাজ টিকিটের ব্যবস্থা করেছে।
মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনার নাজমুল হাসানের নির্দেশে দূতাবাসের প্রথম সচিব (শ্রম) জনাব মোঃ সোহেল পারভেজ তাকে টিকেট হস্তান্তর করেন এবং গুরুতর অসুস্থ প্রবাসী বাংলাদেশী মো: ফজর আলীর শারিরিক খোজঁ খবর নেন।
টিকেট হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন হাইকমিশনের ওয়েলফেয়ার এসিসটেন্ট আল মামুন পাঠান ও অভিবাসী সহায়তা কেন্দ্র মালদ্বীপ রেডক্রিসেন্টের স্বেচ্ছাসেবক শেখ কামাল হোসেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) মালের বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তহবিল থেকে উক্ত এয়ার টিকেট প্রদান করা হয়।
ফজর আলী কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বাসিন্দা। তিনি মালদ্বীপে হোটেলে কাজের সময় দুর্ঘটনায় আহত হন।
হাইকমিশনার ফজর আলীর দ্রুত সুস্থতা কামনা করেন এবং সর্বদা মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের পাশে থাকার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন।
প্রবাসী কর্মীদের যথাযথ চিকিৎসা ও অন্যান্য অধিকার নিশ্চিত করতে হাইকমিশন সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবে মর্মে তিনি আশাবাদ করেন।
হাইকমিশন জানায়, কিছু দিন আগে মালেতে একটি গেস্ট হাউজে বাবুর্চির কাজ করার সময় গরম পানি পায়ে পড়ে গিয়ে ফজর আলী গুরুতর আহত হন। হাসপাতালে চিকিৎসার পরে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দেশে পাঠানোর পরামর্শ প্রদান করেন।
তার পাসপোর্ট ও ভিসার মেয়াদ না থাকায় মিশনের পক্ষ থেকে বিনামূল্যে ট্রাভেল পারমিট প্রদান করা হয় এবং দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করা হয়।
ফজর আলী আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটে মালদ্বীপ থেকে দেশে ফিরবেন।
উল্লেখ্য, ফজর আলী বিএমইটি ছাড়পত্র নিয়ে বৈধভাবে মালদ্বীপে যান।
-B