ক্ষুদ্র, মাঝারী ব্যবসায়ীদের ৩ মাসের ভ্যাট, জরিমানা মওকুফ করার আহ্বান

- মনিটর অনলাইন রিপোর্ট Date: 25 August, 2021
ক্ষুদ্র, মাঝারী ব্যবসায়ীদের ৩ মাসের ভ্যাট, জরিমানা মওকুফ করার আহ্বান

ঢাকাঃ দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি মাহবুবুল আলম করোনাভাইরাসের কারণে ব্যবসা-বাণিজ্যের চলমান নাজুক অবস্থা এবং সরকার ঘোষিত লকডাউনের বিষয় বিবেচনা করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জুন-জুলাই-আগস্ট মাসের ভ্যাট ও জরিমানা মওকূফ করে নির্দেশনা প্রদানের জন্য জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম’র প্রতি ১৮ আগস্ট এক পত্রের মাধ্যমে আহবান জানিয়েছেন।

পত্রে তিনি বলেন, বিশ্ব মহামারী করোনা ভাইরাসের কারণে অস্বাভাবিক পরিস্থিতিতে এক বছরেরও অধিককাল ধরে দেশে  অর্থনৈতিক কর্মকান্ড বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং ব্যবসায়ীরা অত্যন্ত কঠিন সময় অতিবাহিত করছে। বিভিন্ন সময়ে ঘোষিত ও অঘোষিত লকডাউন, স্বাস্থ্যবিধি মেনে চলার বিধি-নিষেধ, মানুষের চলাচল নিয়ন্ত্রণ, চাহিদা ও যোগানে বিশাল ছন্দপতন ইত্যাদি কারণে এসব ব্যবসায়ীদের অস্তিত্ব হুমকির সম্মুখীন। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সরকার বিভিন্ন ধরণের প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন করলেও প্রকৃতপক্ষে তা অপ্রতুল। এ পরিস্থিতিতে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের পক্ষে ভ্যাট ও জরিমানা প্রদান করা অনেক কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে বলে চেম্বার সভাপতি জানান।

পত্রে তিনি আরও বলেন, জুন মাসের ভ্যাট আগস্ট মাসে পরিশোধের কারণে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কর্তৃপক্ষ কর্তৃক ২০ হাজার টাকা জরিমানা করা হচ্ছে যা বর্তমান অবস্থায় এসব ব্যবসায়ীদের পক্ষে পরিশোধ করা সম্ভব নয়। অন্যদিকে, জুলাই মাসে সরকার ঘোষিত লকডাউনের কারণে সব ধরণের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। অথচ ভ্যাট কর্তৃপক্ষ এসব প্রতিষ্ঠান থেকে ভ্যাট আদায় অব্যাহত রেখেছে। যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান সরকারি নির্দেশনাতেই বন্ধ ছিল সেহেতু ভ্যাট প্রদানের প্রশ্ন অবান্তর।

এই পরিস্থিতিতে সরকারের নমনীয় নীতিমালার সাথে সামঞ্জস্য রেখে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক উল্লেখিত সময়ের ভ্যাট ও জরিমানা মওকূফে মাঠ পর্যায়ের প্রশাসনকে নির্দেশনা প্রদান অতীব জরুরী বলে চেম্বার সভাপতি পত্রে উল্লেখ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জুন-জুলাই-আগস্ট মাসের ভ্যাট ও জরিমানা মওকূফ করে নির্দেশনা প্রদানের জন্য জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান’র প্রতি বিশেষ অনুরোধ জানান চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

Share this post



Also on Bangladesh Monitor