মহাকাশ ভ্রমণের টিকিট বিক্রি শুরু

মনিটর ডেস্ক রিপোর্ট Date: 09 November, 2021
মহাকাশ ভ্রমণের টিকিট বিক্রি শুরু

স্পেসফ্লাইট সংস্থা ভার্জিন গ্যালাক্টিক ও ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা স্যার রিচার্ড ব্র্যানসন মহাকাশ ভ্রমণ করে আসার পর সংস্থাটি একশর মতো টিকিট বিক্রি করেছে। 
ভার্জিন গ্যালাকটিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল কলগ্লাজিয়ের এক বিবৃতিতে বলেন, আগামী বছর থেকে বাণিজ্যিকভাবে মহাকাশ ভ্রমণ শুরুর প্রস্তুতি চলছে। ভার্জিন গ্যালাকটিকের মালিক, ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্র্যানসন মহাকাশের প্রান্ত ঘুরে আসার পর বেশ কিছু পরীক্ষামূলক মিশন শেষে আগামী বছর মহাকাশে বাণিজ্যিকভাবে ফ্লাইট পরিচালনায় আশাবাদী প্রতিষ্ঠানটি। 
মহাকাশ পর্যটনে অনেকের আগ্রহ বাড়ার পর ভার্জিন কোম্পানি তাদের কার্যক্রম পুনরায় চালু করার সিদ্ধান্ত নেয় সম্প্রতি। আগামী ২০২২ সালে মহাকাশকেন্দ্রিক পুরোপুরি ব্যবসা চালু করতে চায় তারা। আর্থিক বিবরণী প্রকাশ করে টিকিটের আগাম বুকিং করার তথ্য জানায় প্রতিষ্ঠানটি।
বর্তমানে প্রতি সিটের মূল্য সাড়ে চার লাখ মার্কিন ডলার ঠিক করেছে গ্যালাক্টিক। একক সিট, প্যাকেজ ও সম্পূর্ণ ফ্লাইট বিক্রির মতোও সুযোগ সুবিধা রাখা হয়েছে। ৬০০ জন ক্রেতা ২০০৫ থেকে ২০১৪ সাল পর্যন্ত সিটের ভাড়া দুই থেকে আড়াই লাখ ডলার আগেই বুকিং দিয়ে রেখেছেন।
মহাকাশ পর্যটনে ভার্জিন গ্যালাকটিক দুটি প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি হলো আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের ব্লু অরিজিন এবং টেসলার স্বত্বাধিকারী ইলন মাস্কের স্পেসএক্স। ব্র্যানসন মহাকাশের প্রান্তসীমা ঘুরে আসার পর নিজের প্রতিষ্ঠানের মহাকাশযানে ছয়জন ক্রু নিয়ে মহাকাশের প্রান্তসীমা ঘুরে আসেন জেফ বেজোস। এবার তাঁর প্রতিষ্ঠান ব্লু অরিজিনও মহাকাশ ভ্রমণের টিকিট বিক্রি করতে যাচ্ছে। তাদের টিকিটের মূল্য দুই থেকে তিন লাখ ডলারের মধ্যে।
 

Share this post



Also on Bangladesh Monitor