‘মালিকবিহীন স্বর্ণ’ পেলেই সংশ্লিষ্ট এয়ারলাইন্সের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ

-মনিটর রিপোর্ট Date: 02 December, 2024
‘মালিকবিহীন স্বর্ণ’ পেলেই সংশ্লিষ্ট এয়ারলাইন্সের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ

ঢাকাঃ উড়োজাহাজে চোরাচালানের উদ্দেশ্যে লুকানো ‘মালিকবিহীন স্বর্ণ’ পাওয়া গেলে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। সম্প্রতি বাংলাদেশে চলাচলকারী সব এয়ারলাইন্সকে এ বিষয়ে সতর্ক করে একটি চিঠি পাঠানো হয়েছে।

এর আগে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের হেল্প ডেস্ক উদ্বোধনী অনুষ্ঠানে সোনা চোরাচালানে জড়িত থাকার প্রমাণ পেলে এয়ারলাইনগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিলেন।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক সৈয়দ মুসফিকুর রহমানের সই করা চিঠিতে বলা হয়েছে, উড়োজাহাজের বিভিন্ন স্পর্শকাতর স্থানে লুকিয়ে রাখা স্বর্ণ উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট কর্মী ও এয়ারলাইন্স কর্তৃপক্ষের দায়িত্ব এড়ানোর সুযোগ নেই। চিঠিতে উল্লেখ করা হয়, উড়োজাহাজের কর্মীদের সহযোগিতা ছাড়া এমন অপতৎপরতা সম্ভব নয়।

শুল্ক গোয়েন্দার ঊর্ধ্বতন এই কর্মকর্তা বলেন, ‘উড়োজাহাজের অভ্যন্তরে মালিকবিহীন স্বর্ণ পাওয়া গেলে, আর সেটি যদি স্পর্শকাতর স্থান হয়ে থাকে, তবে অবশ্যই ওই এয়ারলাইন্সসহ পুরো কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এক্ষেত্রে আগের মতো আর কোনও ছাড় দেওয়া হবে না।’

কাস্টমসের অতিরিক্ত মহাপরিচালক মিনহাজ উদ্দিন বলেন, ‘‘উড়োজাহাজের অভ্যন্তর থেকে স্বর্ণ উদ্ধার একটি পুরনো সমস্যা। বাথরুম, সিটের নিচে, লাগেজ সংরক্ষণ স্থানসহ বিভিন্ন স্থানে স্বর্ণ লুকানোর নজির রয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট এয়ারলাইন্স কর্মীদের সংশ্লিষ্টতা প্রমাণিত হয়।’’

চিঠিতে আরও বলা হয়েছে, এ ধরনের ঘটনা রোধে এয়ারলাইন্সগুলোকে ‘সুস্পষ্ট ও দৃশ্যমান’ পদক্ষেপ নিতে হবে। ভবিষ্যতে এ ধরনের চোরাচালান ঘটলে বিদ্যমান আইন অনুযায়ী মামলা দায়েরসহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্বর্ণ চোরাচালান ঠেকাতে কাস্টমস গোয়েন্দা এখন কঠোর অবস্থানে রয়েছে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

-B

Share this post



Also on Bangladesh Monitor