টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে  যান চলাচল শুরু - আটকে পড়া পর্যটকরা ফিরবেন বিকেলে 

জাফর আলম Date: 03 October, 2023
টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে  যান চলাচল শুরু - আটকে পড়া পর্যটকরা ফিরবেন বিকেলে 

কক্সবাজার : বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় ২দিন পর কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে নৌযান আবারও চলাচল শুরু হয়েছে।

সোমবার (২ অক্টোবর) সকালে টেকনাফের দমদমিয়া জেটি ঘাট থেকে এমভি বার আউলিয়া নামের একটি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশে রওনা হয়েছে। এই জাহাজে করে দ্বীপে বেড়াতে গিয়ে ৩দিন ধরে আটকে পড়া পর্যটকরা বিকেল সাড়ে ৩টায় টেকনাফের উদ্দেশে রওয়ানা দেবেন বলে জানা যায়।

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে সাগর উত্তাল থাকায়  শনি ও রবিবার (৩০ সেপ্টেম্বর -১ অক্টোবর)২ দিন এই নৌরুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। ফলে বৃহস্পতিবার ও শুক্রবার সেন্টমার্টিন ভ্রমণে যাওয়া ২শতাধিক পর্যটক আটকা পড়েছিলেন। 

এর আগে  বুধবার (২৭ সেপ্টেম্বর)প্রায় ৬ মাস পর চলতি মৌসুমে ৫১৭ জন পর্যটক নিয়ে টেকনাফের দমদমিয়া ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে প্রথমবারের মত বার আউলিয়া নামের একটি জাহাজ পরীক্ষামূলক চলাচল শুরু হয় । 

বার আউলিয়া জাহাজের পরিচালক হোসাইনুল ইসলাম বাহাদুর  জানান, সব ঠিক থাকলে বিকেলে আটকে পড়া পর্যটকসহ জাহাজটি আবার টেকনাফের দমদমিয়া ঘাটে ফিরবে।

পরীক্ষামূলক চলাচলের দিন থেকে সোমবার পর্যন্ত প্রায় আড়াই হাজার পর্যটক সেন্টমার্টিন ভ্রমণে গেছেন বলে জানান তিনি।

আরও পড়ুন: ১৫ অক্টোবর পর্যটন নগরের পথে পরীক্ষামূলক ট্রেন

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, আবহাওয়া পরিস্থিতি অনুকূলে আসায় জাহাজ চলাচল শুরু করা হয়েছে। এতে আটকে পড়া পর্যটকরা সেন্টমার্টিন ছাড়তে পারবেন।

তিনি বলেন, বিশ্ব পর্যটন দিবসকে সামনে রেখে সেন্টমার্টিনে পর্যটক যাতায়াতের জন্য এমভি বার আউলিয়া নামের একটি জাহাজকে এক সপ্তাহের জন্য অনুমোদন দেওয়া হয়েছিল।এদিকে গত শুক্রবার টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে একটি স্পীডবোট নাইক্ষ্যংদিয়া এলাকায় উল্টে যায়। এতে সেন্টমার্টিন ইউনিয়নের সাবেক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। এ সময় ১৭ পর্যটকসহ ২৩ জনকে কোস্টগার্ডের সদস্যরা উদ্ধার করে।

-B

Share this post



Also on Bangladesh Monitor