পর্যটকদের জন্য নিজেদের দেশ ফের উন্মুক্ত করতে যাচ্ছে থাইল্যান্ড। টিকাপ্রাপ্ত বাংলাদেশী ভ্রমণকারীরা আগামী ১ নভেম্বর থেকে ‘স্যান্ডবক্স স্কিমে’র আওতায় কোয়ারেন্টাইন ছাড়া থাইল্যান্ড ভ্রমণ করতে পারবেন। এ বিষয়ে পূর্ণাঙ্গ বিবরণ দিয়ে শিগগিরই একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করবে ঢাকার থাই দূতাবাস।
ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের নবনিযুক্ত রাষ্ট্রদূত মাকাওয়াদী সুমীতমোর গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎ করে এ তথ্য জানান।
রাষ্ট্রদূত জানান, থাইল্যান্ডের পর্যটন এলাকায় স্যান্ডবক্স স্কিমের অধীনে ১ নভেম্বর থেকে বাংলাদেশ থেকে টিকাপ্রাপ্ত ভ্রমণকারীদের কোয়ারেন্টাইন ছাড়াই অনুমতি দেওয়া হবে। থাইল্যান্ডের নির্দিষ্ট এলাকায় এক সপ্তাহ কাটানোর পর যে কোনো এলাকায় চলাচলের অনুমতি পাবেন ভ্রমণকারীরা।
বৈঠকে প্রতিমন্ত্রী নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানান। এ সময় তিনি আশা প্রকাশ করে বলেন, নতুন রাষ্ট্রদূতের দায়িত্ব পালনকালে বাংলাদেশ ও থাইল্যান্ডের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও এগিয়ে যাবে। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতার মাধ্যমে দুই দেশ নতুন উচ্চতায় পৌঁছাবে।
প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের প্রতি মানবিক সহায়তার জন্য থাইল্যান্ডকে ধন্যবাদ জানান এবং রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে দেশটির রাজনৈতিক সহায়তা কামনা করেন। একইসঙ্গে প্রতিমন্ত্রী আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনারের জন্য বাংলাদেশের প্রার্থিতার জন্য থাই সমর্থন চান।