ঢাকা : বিশ্ব পর্যটন দিবসকে সামনে রেখে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের বাংলাদেশ ট্যুরিজম বোর্ড আয়োজন করতে যাচ্ছে ৪ দিনব্যাপী 'বাংলাদেশ ফেস্টিভ্যাল'। এ বছরের প্রতিপাদ্য 'পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ'।
আগামী ২৭ সেপ্টেম্বর রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই উৎসব শুরু হয়ে চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত এই উৎসব চলবে।
আজ রবিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন। সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান রাহাত আনোয়ার, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী আবু তাহির মুহাম্মদ জাবের, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের গ্রুপ চিফ কমিউনিকেশনস অফিসার আজম খান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লি.সিইও সাদেকুল আরেফিন ও বাংলাদেশ ট্যুরিজম বিউটি, দি ফ্ল্যাগ গার্ল ন্যাশনাল ডিরেক্টর প্রিয়তা ইফতেখার।
এ উৎসবে এয়ারলাইনস, হোটেল, রিসোর্ট, অ্যামিউজমেন্ট পার্ক, ট্যুরিস্ট-ভেসেল, ট্রাভেল এজেন্ট ও ট্যুর অপারেটর প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। অংশগ্রহণ করবে বিভিন্ন জেলার পর্যটন পণ্য ও সেবা প্রদানকারী।
আরও পড়ুন: বঙ্গবন্ধু শিল্পনগরে বৈদ্যুতিক গাড়ির কারখানা করছে বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ
দেশব্যাপী পর্যটনের বিভিন্ন অফার ও আয়োজন থাকবে এ উৎসবে। দর্শনার্থীরা আগামীর বাংলাদেশে তাদের আকর্ষণীয় ট্যুর প্লান তৈরি করতে এ উৎসব সহায়তা করবে। এ উৎসবে আয়োজন থাকবে বিভিন্ন দেশের খাবারসহ বাংলাদেশের অথেন্টিক ও ঐতিহ্যবাহী খাবারের। দর্শনার্থীরা বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ইতিহাস, ঐতিহ্য, পুরাকীর্তি, পর্যটন সম্পদ সম্পর্কে জানতে পারবেন। প্রতিটি জেলার পর্যটন আকর্ষণের ছবি দেখার সুযোগ পাবেন। দেশি-বিদেশি ইউনিক ও অথেন্টিক খাবার সম্পর্কে জানার এবং উপভোগ করার সুযোগ থাকবে উৎসবে।
চার দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে গম্ভীরা, গাজী কালুর পট, পথনাট্য, বাউল গান, পুথি পাঠ, কাওয়ালী ইত্যাদি।
বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বিশ্ব পর্যটন দিবস উদযাপনের এ উদ্যোগ প্রতি বছর নিয়মিত একই সময়ে একই স্থানে করার জন্য পরিকল্পনা করছে। এই উৎসব হবে একটি ফ্ল্যাটফরম, যেখান থেকে বাংলাদেশের সব পর্যটন আকর্ষণ দেখার সুযোগ তৈরি হবে। বাংলাদেশ ফেস্টিভ্যাল বাংলাদেশের সব ঐতিহ্যকে যেমন আপনার কাছে উপস্থাপন করবে তেমনি অপরূপ এই বাংলার আনাচে-কানাচে ঘুরে বেড়ানোর সব সুযোগ-সুবিধা তুলে ধরবে।
আরও পড়ুন: ঢাকায় ‘পূর্ণাঙ্গ’ মিশন খুলছে সিঙ্গাপুর
সমৃদ্ধ বাংলাদেশের এগিয়ে যাওয়ার গল্পে বাংলার অপরূপ সৌন্দর্য নিয়ে সাজানো হবে এ উৎসব। যাতে ভবিষ্যতে কাউকে বলতে না হয় ‘দেখা হয়নি চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া।’
চার দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, ফুড ফেস্টিভ্যাল, কারুশিল্প, পর্যটন সম্পদের প্রদশর্নীসহ সব আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। বাংলাদেশ ফেস্টিভ্যাল আয়োজনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডকে সহায়তা করছে স্পেলবাউন্ড কমিউনিকেশন।
-B