সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবসহ গালফ কো-অপারেশন কাউন্সিলের (জিসিসি) দেশগুলো ইউরোপে ভিসামুক্ত ভ্রমণ ও শেনজেন সীমান্ত নিয়ম থেকে অব্যাহতি চাইছে। এ বিষয়ে জিসিসির পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান আঞ্চলিক এ জোটের মহাসচিব জেসেম আলবুদাইউই।
সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে এ কর্মকর্তা জানান, ভিসা মওকুফের জন্য ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে আলাপ করতে আগামী সপ্তাহে বেলজিয়ামের ব্রাসেলসে যাবেন।
উদ্যোগটি ফলপ্রসূ হলে ইউএই, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন ও ওমানের নাগরিকরা ভিসা ছাড়াই জার্মানি, ফ্রান্স, ইতালি ও স্পেনসহ ২৭টি ইউরোপীয় দেশে যেতে পারবেন।
সৌদি টেলিভিশন চ্যানেল ওয়ানের সঙ্গে আলাপকালে আলবুদাইউই বলেন, ‘জিসিসি ব্লকের একটি শক্তিশালী অবস্থান রয়েছে। দেশগুলো ভিসা থেকে অব্যাহতি পাওয়ার দাবিদার।’
তিনি বলেন, ‘ব্রাসেলসে রমজানের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে যাওয়া ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে আলোচনার সময় আমি জিসিসি দেশগুলোর পক্ষে কথা বলব। উপসাগরীয় নাগরিকদের শেনজেন ভিসা থেকে অব্যাহতি দেয়ার দাবি জানাব।’
জিসিসি মহাসচিব বলেন, ‘উপসাগরীয় দেশের নাগরিকদের ইউরোপে একটি ইতিবাচক উপস্থিতি আছে। বাণিজ্য, শিক্ষা, পর্যটনসহ নানা খাতে তারা অবদান রাখছে।’
শেনজেন ভিসা হলো ইউরোপের নির্দিষ্ট দেশে সংক্ষিপ্ত ও অস্থায়ী সফরের অনুমোদন। শেনজেনভুক্ত যেকোনো একটি দেশের ভিসা সংগ্রহ করে বাকি দেশে অনায়াসে ভ্রমণ করা যায়। এজন্য আলাদা ভিসার প্রয়োজন হয় না।
১৯৮৫ সালে লুক্সেমবার্গের শেনজেন শহরে ইউরোপীয় দেশগুলো নিয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়। এর মাধ্যমে জোটবদ্ধ দেশগুলো নানা ধরনের পদক্ষেপে একসঙ্গে কাজ করে। এ চুক্তির ধারাবাহিকতায় সৃষ্টি হয় ‘শেনজেন ভিসা’।
বর্তমানে শেনজেন ভিসা দিয়ে থাকে অস্ট্রিয়া, বেলজিয়াম, চেক রিপাবলিক, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, হাঙ্গেরি, আইসল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিকটেনস্টাইন, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, সুইডেন ও সুইজারল্যান্ড।
-B