আগামীকাল শুরু হচ্ছে ওয়ানডে ক্রিকেট উৎসব

ইমামুল হাসান তোতা  Date: 04 October, 2023
আগামীকাল শুরু হচ্ছে ওয়ানডে ক্রিকেট উৎসব

ঢাকা : ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপ আসর শুরু কাল (৫ অক্টোবর)। উপমহাদেশের সর্ববৃহৎ দেশ ভারতে  চতুর্থবারের মতো বসছে ওয়ানডে বিশ্বকাপ আসর। দেড় মাসব্যাপী এ ক্রিকেটযজ্ঞের খেলাগুলো হবে ভারতের ১০টি ভেন্যুতে। ১০ দলের এ আসরে ৪৮টি ম্যাচের মধ্য দিয়ে ওয়ানডে ক্রিকেটের শ্রেষ্ঠত্ব নির্ধারণ হবে। 

মূল মঞ্চে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামার আগে প্রতিটি দলের জন্য ছিল দুটি করে ওয়ার্মআপ ম্যাচ। যদিও বৃষ্টিবাধায় অধিকাংশ দলের প্রস্তুতি ব্যাহত হয়। স্বাগতিক ভারতের তো দুটি ম্যাচই ভাসিয়ে নেয় বৃষ্টি। 

গুয়াহাটিতে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ম্যাচ পুরোটাই পণ্ড হয়। কেরালার থিরুভানান্তাপুরামে নেদারল্যান্ডসের বিপক্ষে স্বাগতিক দলের দ্বিতীয় ওয়ার্মআপও বৃষ্টির কারণে মাঠেই গড়াতে পারেনি। এমনকি টসও হয়নি। প্রায় ৩ হাজার কিলোমিটার পথ ভ্রমণ করেও ফল শূন্য। ওয়ার্মআপ ম্যাচ না খেলেই মূল লড়াইয়ে নামতে হচ্ছে রোহিত শর্মার দলকে, যাদের কাঁধে এবার প্রায় ১৫০ কোটি মানুষের এ দেশকে শ্রেষ্ঠত্বের আসনে বসানোর দায়। 

গতকালই (৩ অক্টোবর)ছিল ওয়ার্মআপ ম্যাচের শেষ দিন। আজ (৪ অক্টোবর)বিরতি। কাল (৫ অক্টোবর) শুরু মূল মঞ্চের লড়াই। প্রথম দিনই বারুদ ম্যাচ। গত আসরের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। 

এবারের বিশ্বকাপে প্রতিদ্বন্দ্বিতা করবে ১০টি দল। রাউন্ড রবিন লিগে একে অন্যের সঙ্গে খেলবে দলগুলো। এরপর সেরা চারটি দল উঠবে সেমিফাইনালে। ১৯ নভেম্বর আহমেদাবাদে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এবারের আসরের। 

আরও পড়ুন: তিস্তা ব্যারেজ থেকে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা

যদিও সমৃদ্ধ ইতিহাস-ঐতিহ্যের দেশে এ ক্রিকেট উৎসবের রঙ খানিকটা ফিকে হতে পারে। যেকোনো মেগা ক্রীড়া ইভেন্টে উদ্বোধনী অনুষ্ঠান এখন সবচেয়ে আকর্ষণীয় অনুষঙ্গ হয়ে উঠেছে। সাধারণত উৎসবের আমেজে শুরু হয় ক্রীড়ার লড়াই। কিন্তু এবার উদ্বোধনী অনুষ্ঠানই হবে না! 

আহমেদাবাদে উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে মহাচমক দিয়েছিল আয়োজক দেশ। বলা হচ্ছিল, ৫ অক্টোবর ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের উদ্বোধনী ম্যাচ বেলা আড়াইটায় শুরু বলে এবার উদ্বোধনী অনুষ্ঠান হবে একদিন আগে, আজ ৪ অক্টোবর। কিন্তু  ভারতের সংবাদমাধ্যমগুলো জানায়, এবার উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করতে পারে বিশ্বকাপের আয়োজক সংস্থা ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। 

যদিও গতকাল সন্ধ্যা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান বাতিলের কথা জানায়নি বিসিসিআই। কিংবা এর সুনির্দিষ্ট কারণও জানানো হয়নি। অবশ্য সমাপনী অনুষ্ঠান জমকালো করার প্রতিশ্রুতি দেয়া হয়েছে। এছাড়া ১৪ অক্টোবর ভারত-পাকিস্তান ম্যাচের আগেও থাকছে কিছু আনুষ্ঠানিকতা। 

উদ্বোধনী অনুষ্ঠান একদিন এগিয়ে আনা হয়েছিল এ যুক্তিতে—৫০ ওভারের খেলা বলে তার আগে অনুষ্ঠান করার বেশি সময় পাওয়া যাবে না। দিনের আলোতে উদ্বোধনী অনুষ্ঠান জমে না বলে বিশ্বকাপ শুরুর আগের সন্ধ্যায় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হওয়ার কথা ছিল অনুষ্ঠানটি। এ অনুষ্ঠানে রীতিমতো চাঁদের হাট বসার কথা ছিল। ভারতের সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে ছাড়াও অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, শঙ্কর মহাদেবন। এছাড়া মঞ্চ মাতানোর কথা ছিল বলিউড স্টার রণবীর সিং, বরুণ ধাওয়ান ও তামান্না ভাটিয়ার।

কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হলে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ শুরুর ক্ষণে অন্তত বলিউডের চাঁদের হাট বসছে না। প্রায় দেড় মাস ক্রিকেটে ডুব দেয়ার আগে দর্শকের মনোরঞ্জনের সুযোগও তাই কমে যাচ্ছে। অবশ্য একেবারেই বঞ্চিত হবে না দর্শক। আজ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে লেজার শোর ব্যবস্থা নাকি রেখেছে বিসিসিআই। 

আরও পড়ুন: বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে ইতিহাদ এয়ারওয়েজ

উদ্বোধনী অনুষ্ঠানের আগে ক্যাপ্টেন্স মিট হওয়ার কথা ছিল। উদ্বোধনী অনুষ্ঠান বাতিল হলেও ক্যাপ্টেন্স মিট ঠিকই হবে। আজ সেই মিট।  আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জিসিএ ক্লাব হাউজের ব্যাঙ্কুয়েট হলে ক্যাপ্টেন্স মিট অনুষ্ঠান শুরু হবে ভারতের সময় বেলা আড়াইটায়। এখানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে থাকবেন সাকিব আল হাসান। তিনিই বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন নিজেদের সপ্তম ওয়ানডে বিশ্বকাপ মিশনে। 

এদিকে, উদ্বোধনী ম্যাচের দুই দল ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের ক্রিকেটাররা এরই মধ্যে পৌঁছে গেছে ভেন্যু শহর আহমেদাবাদে। আজ সকাল ১০টায় নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুশীলন করবে নিউজিল্যান্ড ক্রিকেট দল, আর ইংলিশরা অনুশীলনে নামছে সন্ধ্যা ৬টায়। আগামীকাল এ মাঠেই ত্রয়োদশ বিশ্বকাপের প্রথম ম্যাচে লড়বে বিশ্বের অন্যতম শক্তিশালী দুটি দল, যা ২০১৯ বিশ্বকাপ ফাইনালের পুনরাবৃত্তি। 

উদ্বোধনী অনুষ্ঠান হবে না, তাতে লড়াইয়ের ধার হয়তো এতটুকু কমবে না। গত শনিবার বিশ্বকাপের দুই মাসকটের নাম প্রকাশ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এ নামের মধ্যেই লুকিয়ে আছে লড়াইয়ের ঝাঁজ। মাসকট দুটি হলো ব্লেজ় ও টঙ্ক। ক্রিকেটভক্তরাই ভোট দিয়ে মাসকটের নাম দিয়েছেন। 

মহিলা মাসকট ব্লেজ বোলারের প্রতীক। যার হাত দিয়ে বিদ্যুৎ গতিতে বেরিয়ে আসছে আগুনের গোলা। অব্যর্থ নিশানা, দুরন্ত রিফ্লেক্সের মাধ্যমে ফাস্ট বোলিং সেনসেশন হিসেবে উপস্থাপন করা হয়েছে ব্লেজকে। আর টঙ্ককে উপস্থাপন করা হয়েছে ব্যাটার হিসেবে। ঠাণ্ডা মাথার টঙ্ক অনবদ্য ব্যাটিংশৈলীতে পারদর্শী। সে বড় শট খেলতে সক্ষম। তার হাতে দেখা গেছে ইলেকট্রো ম্যাগনেটিক ব্যাট। অভিনব সব শটে তিনি মাতিয়ে দিচ্ছেন দর্শকদের।

বিশ্বকাপে মূলত ব্লেজ ও টঙ্কের লড়াই হবে। এ লড়াই বল ও ব্যাটের। ২২ গজে শ্রেষ্ঠত্বের লড়াই।

আগের ১২টি ওয়ানডে বিশ্বকাপ আসরে সর্বোচ্চ পাঁচবার শিরোপা জিতে নিয়ে নিরঙ্কুশ শ্রেষ্ঠত্ব প্রদর্শন করে অস্ট্রেলিয়া (১৯৮৭, ১৯৯৯, ২০০৩, ২০০৭ ও ২০১৫)। ভারত (১৯৮৩ ও ২০১১) আর ওয়েস্ট ইন্ডিজ (১৯৭৫ ও ১৯৭৯) জিতেছে দুবার করে। আর একবার করে বিশ্বমুকুট পেয়েছে পাকিস্তান (১৯৯২), শ্রীলংকা (১৯৯৬) ও ও ইংল্যান্ড (২০১৯)।

আরও পড়ুন: থার্ড টার্মিনালের ৮৯ শতাংশ কাজ শেষ : উন্মুক্ত করা হবে আগামী বছর : বেবিচক চেয়ারম্যান

এবার কাদের হাতে উঠবে মর্যাদাপূর্ণ বিশ্বকাপ ট্রফি? বিশেষজ্ঞরা টানা দ্বিতীয়বারের মতো ইংলিশদের হাতেই বিশ্বকাপ ট্রফি দেখছেন। কেউ আবার বলছেন, স্বাগতিক সুবিধা পুরোটাই কাজে লাগিয়ে তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিতে নেবে ভারত। বাতিল করে দিচ্ছেন না ক্রিকেটের সবচেয়ে ধারাবাহিক দল অস্ট্রেলিয়া, অন্যতম সেরা দল নিউজিল্যান্ড কিংবা ক্রিকেটের আনপ্রেডিক্টেবল পাকিস্তানকেও। চিরায়ত চোকার্স তকমাটা ঘুচিয়ে দক্ষিণ আফ্রিকাও চাইবে প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফির স্বাদ পেতে। পুরনো কোনো দল শিরোপা উৎসবে মেতে উঠবে, নাকি নতুন রাজা পাবে ওয়ানডে ক্রিকেট? 

৪৬ দিন পর মিলবে এসব প্রশ্নের উত্তর। তার আগে ভারতের ১০ ভেন্যুতে জমজমাট লড়াই হবে ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও নেদারল্যান্ডসের। 

-B

Share this post



Also on Bangladesh Monitor