দেশে জেট ফুয়েলের ব্যবহার বাড়ছে 

মনিটর রিপোর্ট Date: 25 May, 2024
দেশে জেট ফুয়েলের ব্যবহার বাড়ছে 

ঢাকাঃ দেশের আকাশপথে ভ্রমণে আকাশযানে ব্যাবহৃত জেট ফুয়েলের ব্যবহার বাড়ছে। ২০২১-২২ অর্থবছরের দেশে জেট ফুয়েল বিক্রয় হয়েছে ৪ লাখ ২৮ হাজার মেট্রিক টন। ২০২২-২৩ অর্থবছরে ৪ লাখ ৭১ হাজার মেট্রিক টন।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা যায়, দেশে বছরে প্রায় ৭৫ লাখ মেট্রিক টন জ্বালানি তেলের চাহিদা রয়েছে। যার পুরোটাই এককভাবে বিপিসি সরবরাহ করে। এর মধ্যে দেশের আকাশপথে ভ্রমণে আকাশযানে ব্যাবহৃত জেট ফুয়েলের ব্যবহার বাড়ছে। ১ বছরের ব্যবধানে জেট ফুয়েল বিক্রয় বেড়েছে ৪৩ হাজার মেট্রিক টন। যদিও ২০২০-২১ অর্থবছরের জেট ফুয়েলের বিক্রয় হয়েছিল মাত্র ২ লাখ ৩৭ হাজার ৮৯৪ মেট্রিক টন। 

বিপিসির বিক্রয় বিভাগের কর্মকর্তারা বলেন, করোনার সময় উড়োজাহাজের জেট ফুয়েল বিক্রয় ৫০ শতাংশ কমে গিয়েছিল। তখন আমাদের বিভিন্ন ডিপোগুলোয় বিপুল পরিমাণে জেট ফুয়েল দীর্ঘদিন ধরে মজুত ছিল। পরে সবকিছু স্বাভাবিক হয়ে এলে উড়োজাহাজে জেট ফুয়েলের চাহিদা বেড়ে যায়। প্রতিবছর জেট ফুয়েলের বিক্রয় বাড়ছে। 

 ইউএস বাংলার একজন কর্মকর্তা  বলেন, কভিডকালে ৫০ শতাংশের মতো যাত্রী কমে গিয়েছিল, তখন জ্বালানি তেল বিক্রয়ও কমেছিল। এখন যাত্রী বেশি, তাই ফ্লাইটও বেশি পরিচালনা করতে হয়। ফলে জেট ফুয়েলের ব্যবহার বাড়ছে, যা আরও বাড়বে।

এ বিষয়ে বিপিসি চেয়ারম্যান এবিএম আজাদের ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি। বিপিসির পরিচালক (অপারেশন ও পরিকল্পনা) খালিদ আহম্মেদের ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি রিসিভ করেননি। ফলে দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, বিপিসি দেশের কৃষি উৎপাদন, শিল্প প্রক্রিয়া, বিদ্যুৎ উৎপাদন, পরিবহন, গৃহস্থালি ও অন্যান্য কাজে জ্বালানি চাহিদার জোগান এককভাবে নিশ্চিত করে। গত অর্থবছরে বিপিসির মোট জ্বালানি তেল বিক্রয়ের পরিমাণ ছিল ৭৩ লাখ ৪৬ হাজার মেট্রিক টন, যা দেশের ইতিহাসে রেকর্ড।

-B

Share this post



Also on Bangladesh Monitor