ঢাকাঃ আজ সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর উদযাপন করছে বাংলাদেশ, পাকিস্তান মিসর, জর্ডান, সিরিয়া, ওমান, ভারত, ইন্দোনেশিয়া,মালয়েশিয়াসহ ১৬টি মুসলিম দেশের মুসলমানরা।
এর আগে, রবিবার (৩০ মার্চ)সৌদি আরব,কাতার, আমিরাতসহ মধ্যপ্রাচ্যের ১১টি দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় ওই দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
এক মাস পবিত্র সিয়াম সাধনার পর বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন করছেন দেশের মুসলিম সম্প্রদায়ের মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় ঈদের শুভেচ্ছা জানানো শুরু হয়েছে। রেডিও-টেলিভিশনে বেজে চলেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কালজয়ী গান, ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এল খুশীর ঈদ...।’
রাজধানীতে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয় জাতীয় ঈদগাহে সকাল সাড়ে আটটায়। এবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস নেই।
বায়তুল মোকাররমে বরাবরের মতোই ঈদুল ফিতরের পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাত শুরু হয় সকাল ৭টায়, দ্বিতীয় জামাত ৮টায়, তৃতীয় জামাত ৯টায়, চতুর্থ জামাত ১০টায় এবং শেষ জামাত বেলা পৌনে ১১টায়।
এদিন, মুসলমানরা নতুন জামাকাপড় পরিধান করে পরিবার ও আত্মীয়স্বজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে। বড়রা ছোটদের উপহার ও সেলামির টাকা দেন, যা ঈদের আনন্দের প্রকাশ। এ উপলক্ষে ঘরোয়া রান্নায় বিশেষ খাবারের আয়োজন করা হয়, এবং অনেকেই একে অপরের বাড়িতে গিয়ে ঈদ শুভেচ্ছা জানান।
এবারের ঈদকে আরও আনন্দমুখর করতে, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে মুঘল আমলের মতো আনন্দ মিছিল ও ঈদ মেলা অনুষ্ঠিত হয়। এছাড়া, অন্তর্বর্তী সরকার দেশব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করে, যার মধ্যে ঈদুল ফিতরের নামাজের পর বিশেষ আয়োজনের ব্যবস্থা করা হয়।
অপরদিকে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস দেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
ঈদের তারিখ প্রতি বছর চাঁদ দেখার ওপর নির্ভর করে, যা সাধারণত ২৯ বা ৩০ দিনের চান্দ্র মাসে নির্ধারিত হয়। এই বছর ২৯টি রোজা শেষে ঈদ উদযাপিত হচ্ছে, যা মুসলিমদের জন্য অন্যতম বড় ধর্মীয় উৎসব।
-B