মাধ্যমিকে পর্যটন শিক্ষা অন্তর্ভুক্ত করা হবে: পর্যটনমন্ত্রী

মনিটর রিপোর্ট Date: 19 February, 2024
মাধ্যমিকে পর্যটন শিক্ষা অন্তর্ভুক্ত করা হবে: পর্যটনমন্ত্রী

ঢাকা: মাধ্যমিক পর্যায়ের পাঠ্যক্রমে পর্যটন শিক্ষা অন্তর্ভুক্ত করতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খান। 

তিনি বলেছেন, ‘দেশের পর্যটন শিল্প বিকাশের জন্য দক্ষ জনবল তৈরিতে গুরুত্ব দিচ্ছে সরকার। প্রশিক্ষিত জনবল তৈরির লক্ষ্যে ইতোমধ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে পর্যটন-সংক্রান্ত শিক্ষা অন্তর্ভুক্ত হয়েছে। এবার চেষ্টা করব মাধ্যমিক পর্যায়েও পর্যটনবিষয়ক শিক্ষা চালু করার। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে।’ 

রবিবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন। 

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, বাংলাদেশ পর্যটন করপোরেশন চেয়ারম্যান একেএম আফতাব হোসেন প্রামাণিক, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের, ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি শিবলুল আজম কোরাইশীসহ টোয়াবের নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। 

পর্যটনমন্ত্রী  বলেন, দেশের পর্যটন শিল্পের উন্নয়ন বেগবান করতে বেসরকারি খাতকে এগিয়ে আসতে হবে। এজন্য বেসরকারি খাতকে সর্বোচ্চ নীতিগত সহায়তা দিতে আমরা প্রস্তুত। বেসরকারি ট্যুর অপারেটরদের দীর্ঘদিনের দাবি– ইনবাউন্ড ট্যুর অপারেটরদের ব্যাংকিং চ্যানেলে সংগ্রহ করা বৈদেশিক মুদ্রার টোটাল বিলের ওপর ১০ শতাংশ অগ্রিম কর কাটা বন্ধ করা এবং পর্যটকদের পরিবহন সেবা দিতে শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির বিষয়ে আমরা জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে কথা বলব। বিদেশি পর্যটক বৃদ্ধির জন্য অন অ্যারাইভাল ভিসার আওতা বৃদ্ধির পাশাপাশি ই-ভিসা চালুর বিষয়েও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পর্যটন মন্ত্রণালয়ের কাজ চলছে।

-B

Share this post



Also on Bangladesh Monitor